Calcutta High Court: ধাক্কা খেল রাজ্য, লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta High Court order to release number of written test in constable recruitment of West Bengal Police
কলকাতা হাইকোর্ট Image Credit: সংগৃহিত (Social Media)
কলকাতা: পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখির পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও সংরক্ষিত শ্রেণির বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কনস্টেবল নিয়োগের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
মামলাকারীদের অভিযোগ ছিল, প্রার্থীদের তালিকা প্রকাশ হলেও কোনও বিস্তারিত তথ্য দেওয়া নেই, ফলে স্বচ্ছতা নেই। তাই প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।
অসংরক্ষিত শ্রেণির প্রার্থী থেকে শুরু করে তফশিলি জাতি, ওবিসি প্রার্থীরাও এই আবেদন করেছিলেন। স্বচ্ছতার জন্য নম্বর প্রকাশের আর্জি জানিয়েছিলেন তাঁরা। প্রার্থীদেরও মেধার ভিত্তিতে তালিকা জানার অধিকার আছে বলে দাবি করেছিলেন তাঁরা।
তবে রাজ্যে এই আবেদনের বিরোধিতা করে বলে, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ করা বাধ্যতামূলক নয়। এতে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে দাবি করে রাজ্য। আদালত সেই দাবিকে মান্যতা দেয়নি। বিচারপতি স্পষ্ট জানান, প্রার্থীরা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে না পারেন, সে ক্ষেত্রে তাঁদের নাম এমনিতেই বাদ যাবে ৷ কিন্তু সমস্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, তার জন্যই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।