Mutton Recipe: তৈরি ৪০ মিনিটেই, মটনের এই পদ একবার পাতে পড়লে প্লেট মাজতে হবে না – Bengali News | Sunday special delicious Mutton Kofta Curry recipe to cook at ho
রবিবারের বাজারে একটু মটন না হলে কি জমে বলুন? মটন বললেই হল না, কি রাঁধবেন সেটাও বড় প্রশ্ন। লাল লাল, ঝাল ঝাল মটনের ঝোল খেয়েছেন। মটনের কোফতা কারি কখনও চেখে দেখেছেন? রইল স্পেশাল মটন কোফতা কারি রেসিপি। রবিবারের রাতের খাওয়া দাওয়া জমিয়ে ফেলুন অসাধারণ স্বাদে।
উপকরণ –
মটন পেস্ট – ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ১ টা মাঝারি সাইজের
রসুন বাটা – ২চা চামচ
আদা বাটা – ২ চা চামচ
নুন – স্বাদমতো
কাঁচা লঙ্কা কুচি – ৫-৬টা
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
সাদা তেল – প্রয়োজন অনুযায়ী
সর্ষের তেল – ২ চা চামচ
টক দই – ২ টেবিল চামচ
চিনি – ১/২ চা চামচ
টমেটো পেস্ট – ২টেবিল চামচ
এলাচ, দারুচিনি, লবঙ্গ – ২টো
জিরে – ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
বেসন – ২ টেবিল চামচ
গরম মশালা গুঁড়ো – ১ চা চামচ
প্রণালী –
মটন বাজার থেকে কিমা করে আনার পরে মিহি পেস্ট করতে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এবার একটি বাটিতে মটন পেস্ট নিয়ে তার মধ্যে নুন,হলুদ দিতে হবে। সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে গুড়ো হাফ চামচ করে দিয়ে দিন। গরম মশলা গুঁড়ো দিন অল্প। বাঁধনের জন্য বেসন দিয়ে দিন। ভাল করে মেখে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। দু হাতে তেল মেখে গোল গোল করে নিন। বেশি ছোট বা বেশি বড় কোনওটাই করবেন না। এবার বলগুলো ১০ মিনিট চাপা দিয়ে রেখে দিন।
অন্য দিকে পেঁয়াজ, রসুন, আদা বেটে নিন। গ্রেভির জন্য, টমাটো পিউরি করে নিন।
গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে তুলে নিন হবে। মাঝারি থেকে অল্প আঁচে ভাজবেন নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে।
সর্ষের তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিতে হবে। মশলার গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে দিন। আদার কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ, রসুনবাটা দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা ভাজা হয়ে এলে, জিরেগুড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। টমেটো পিউরি ঢেলে দিন। খানিকক্ষণ ভাল করে নেড়েচেড়ে দই দিয়ে দিন। দই জল ঝরিয়ে ভাল করে ফেটিয়ে রাখবেন। চিনি দিন ও মশালাটা ভাল করে কষাতে থাকুন।
কষানোর সময় যাতে লেগে না যায় তার জন্য হালকা গরম জল মাঝে মাঝে দিতে পারেন। মশালা যখন তেল ছেড়ে উঠবে তখন প্রয়োজন মত বাকি জল দিয়ে দিন। জল ফুটে উঠলে মটন বল গুলো দিয়ে ১০ থেকে ১২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। উপর থেকে গরম মশালাগুঁড়ো ছড়িয়ে দিন। ব্যস প্রস্তুত আপনার মটন কোফতা কারি। গরম গরম পরিবেশন করলেই হবে।