Bangladesh: মোদী-শাহের সঙ্গে দেখা করতে চান চিন্ময়কৃষ্ণের আইনজীবী, অর্জুনের দ্বারস্থ রবীন্দ্র – Bengali News | Chinmoy Krishna Das’s lawyer Rabindra Ghosh wants to meet PM Narendra Modi and home minister Amit Shah
রবীন্দ্র ঘোষ (বাঁদিকে), অর্জুন সিং (ডানদিকে)
ব্যারাকপুর: বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী তিনি। চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে চান বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করতে চান তিনি। রবিবার চিন্ময়কৃষ্ণের এই আইনজীবী দেখা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জন্য। রবীন্দ্র ঘোষের আবেদন যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার কথা জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
চিকিৎসার জন্য বেশ কিছু আগে বাংলায় আসেন রবীন্দ্র ঘোষ। এখনও এখানে রয়েছেন তিনি। কিন্তু, চিন্ময়কৃষ্ণের জামিনের জন্য সওয়াল করতে বাংলাদেশে ফিরে যেতে চান। এদিন অর্জুনের সঙ্গে দেখা করার পর বাংলাদেশের চরমপন্থীদের আক্রমণ করে আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “তারা মনে করছে আমি ভয়ে পালিয়ে যাব। কিন্তু, আমি ভয়ে পালাব না। অসুস্থতার জন্য এখানে এসেছি।”
এখানেই না থেকে তিনি বলেন, “দেশে যেতে ভয় পাচ্ছি না। আমি দেশে যাব। কিন্তু, আমাকে নানা হুমকি দেওয়া হচ্ছে। চিন্ময়কৃষ্ণর হয়ে মামলা লড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।”
এই খবরটিও পড়ুন
মোদী ও শাহর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়ে চিন্ময়কৃষ্ণের আইনজীবী বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশে হিন্দুদের দুর্দশার কথা জানাতে চাই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য যেখানে বলার দরকার পড়বে, সেখানে বলব।” শুভেন্দু অধিকারীর সঙ্গে শীঘ্র তাঁর দেখা হতে পারে বলে জানালেন রবীন্দ্র ঘোষ।
চিন্ময়কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অর্জুন সিং বলেন, “উনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলার বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান। আমি বলেছি, আমি চেষ্টা করছি সঠিক জায়গায় আপনার বার্তা পৌঁছে দেওয়ার।”
