CBSE: দশম শ্রেণির পরীক্ষায় বড় বদল, পাশ না করলেও ভয় নেই – Bengali News | CBSE released the draft plan for conducting the examination in this subject as per the proposal of National Education Policy
নয়া দিল্লি: বড় বদল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এ (CBSE)। এবার থেকে দশম শ্রেণীতে কোনও বিষয়ে অনুত্তীর্ণ বা অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের একই বছরে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার প্রস্তাবের বাস্তবায়নে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতি-র প্রস্তাব মোতাবেক এই বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার খসড়া প্রকাশ করল CBSE।
খসড়ার প্রস্তাব অনুযায়ী, ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী CBSE অধীনস্থ দশম শ্রেণির পড়ুয়ারা আগামী বছর থেকে দু’বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। কোনও বিষয়ে তুলনামূলক কম নম্বর পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নম্বর পাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
প্রথম পরীক্ষার পরই ছাত্র-ছাত্রীদের হাতে রেজাল্ট দেওয়া হবে না। ডিজি লকারে আপলোড করা হবে রেজাল্ট। দ্বিতীয় পরীক্ষার পরই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে।কেউ প্রথম পরীক্ষার নম্বরে সন্তুষ্ট হলে দ্বিতীয় পরীক্ষা থেকে ‘অপট আউট’ বা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিতে পারেন।
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে পরীক্ষা বিষয়ক এই ড্রাফট পলিসি প্রকাশ করা হয়েছে। CBSE ওয়েবসাইটে এই প্রস্তাবিত খসড়ার উপর আগামী ৯ মার্চ পর্যন্ত মতামত জানাতে পারবে এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ।
