Shubman Gill: হারলে পাকিস্তানের দরজা বন্ধ… খেলার স্টাইল বুঝিয়ে দিলেন শুভমন গিল – Bengali News | ICC Champions Trophy 2025: Shubman Gill on India vs Pakistan Match Scenario
চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট বিশ্বকাপের চেয়েও কঠিন। একটা ম্যাচ হার মানেই খাদের কিনারায়। আট দলের টুর্নামেন্ট। গ্রুপে চারটি করে দল। তিনটে ম্যাচ। শীর্ষে থাকা দু-দল সেমিফাইনালে যাবে। কাল ভারত-পাকিস্তান মহারণ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। অন্য দিকে, আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। ফলে ভারতের কাছে হার মানেই ধরে নিতে হবে গ্রুপ পর্বেই তাদের বিদায়। ভারতের কাছে এই ম্যাচ একদিকে যেমন সেমিফাইনালে পা ফেলে রাখার, তেমনই বদলারও। তার আগে কী বলছেন ভারতের ভাইস ক্যাপ্টেন?
দু-দলের পরিস্থিতি ভিন্ন। ভারতের কাছে জয়ই যথেষ্ট। পাকিস্তানকে নেট রান রেটেও নজর রাখতে হবে। এই ম্যাচের আগে শুভমন গিল বলছেন, ‘যে টিম চাপ সামলাতে পারবে, তাদের জেতার সুযোগই বেশি। ৫০ ওভারের ফরম্যাট কিছুটা হলেও দ্বিধার। ক্রিজে থাকার সময় মনে হয়, হাতে খুব কম সময় রয়েছে, দ্রুত রান তুলতে হবে। কিন্তু আউট হওয়ার পর আসলে উপলব্ধিটা হয়, যে প্রচুর সময় ছিল।’
শুভমন গিল আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি বা টেস্টে এই ফরম্যাটে বেশি খেলার সুযোগ পাই না। সুতরাং, ক্রিজে নেমে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। মানসিক ভারসাম্য ধরে রাখা খুবই প্রয়োজন। আর অযথা তাড়াহুড়ো করার আগে স্কোরবোর্ডও দেখে নিতে হবে। সাধারণত, প্রতিটি ব্যাটারের খেলার স্টাইল আলাদা হয়। প্রত্যেকের উচিত, সহজাত স্টাইল ধরে রাখা।’