Calcutta High Court: ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’, কোন মামলায় এত বড় মন্তব্য প্রধান বিচারপতির? – Bengali News | Calcutta high court: ‘If people die, will you wake up?’, the chief justice’s big comment in the illegal construction case?
কলকাতা: ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পৌরসভা। বেআইনি বাড়ি ভাঙা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।
সম্প্রতি বেনিয়াপুকুর থানার একটি বেআইনি বাড়ি নিয়ে মামলা হয়। মামলাকারীর বক্তব্য় ছিল, বেনিয়াপুকুর থানার ঠিক উল্টোদিকে একটি বাড়ি বেআইনিভাবে নির্মীত হয়েছে। সেই বাড়ির উল্টোদিকের রাস্তা অত্যন্ত সরু।মামলাকারীর বক্তব্য, কোনও অঘটন ঘটলে সেখানে উদ্ধারকার্য করা সম্ভব হবে না। অভিযোগ জানানোর পরেও পুরসভা কিছু করেনি।
তাতে পৌরসভার কাছে জবাব তলব করা হয়। কিন্তু পৌরসভার উত্তরে হাইকোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হয়। প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? তখন বাড়ি ভাঙলে হবে?” পৌরসভাকে প্রধান বিচারপতি বলেন, “ভাঙার বদলে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা আপনাদের সঠিক জবাব নয়।”
শুনানি চলাকালীন পৌরসভার তরফে জানানো হয়, আগামী সপ্তাহের মধ্যেই বিস্তারিত রিপোর্ট তারা দেবে। হতে পারে কিছু বেয়াইনি নির্মাণ হচ্ছে। কলকাতা হাইকোর্ট আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।
