‘বিরলের মধ্যে বিরলতম’, বড়তলায় সাতমাসের শিশুকন্যাকে নির্যাতনে ফাঁসি যুবকের, বাংলার মুখ
নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় আবারও দোষীকে ফাঁসি সাজা শোনাল আদালত। এবার, কলকাতার বড়তলা থানা এলাকার ফুটপাথ থেকে সাতমাসের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নিগ্রহ এবং তাকে খুনের চেষ্টার ঘটনায় দোষী যুবককে ফাঁসির সাজা শোনানো হল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫), এই সাজা ঘোষণা করেছেন কলকাতার ব্য়াঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক। সোমবারই (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করেছে আদালত। এর আগে সরকারি আইনজীবীও একই কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ঘটনার পর যখন আরজি কর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সাতমাসের ওই শিশুর স্বাস্থ্যপরীক্ষা করেন, তখন তিনি চমকে উঠেছিলেন।
ওই চিকিৎসক পুলিশকে জানিয়েছিলেন, শিশুটির উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অকল্পনীয়। এই কারণেই ওই সরকারি চিকিৎসক এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করেছিলেন। মঙ্গলবার আদালতের তরফেও সেই একই পর্যবেক্ষণ করা হয়।