Bongaon: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, মহিলার অভিযোগে রাতেই গ্রেফতার বনগাঁর কাউন্সিলর – Bengali News | Bongaon Bangaon councilor arrested at night on woman’s complaint of ‘cohabitation’ with promise of marriage
গ্রেফতার কাউন্সিলরImage Credit source: TV9 Bangla
বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেফতার বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর। চিরঞ্জিত বিশ্বাস নামে ওই কাউন্সিলরকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
রবিবার রাতে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নামে বিক্ষোভ দেখাতে থাকেন এক মহিলা। অভিযোগকারিণী মহিলার দাবি, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । কিন্তু ইদানীং তিনি আর তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না । তার কোনও খোঁজও নিচ্ছেন না । রবিবার ওই মহিলা বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন । তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন। তাঁর কথায়, “চিরঞ্জিত বিশ্বাস আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছেন।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। তাঁকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন পুলিশ কর্তারা।
রাতেই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কাউন্সিলরকে। যদিও কাউন্সিলরের বক্তব্য ছিল, “মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করেছেন । এরকম কোনও ঘটনা ঘটেনি।”
