Alipurduar: নার্সিং পড়ুয়াকে একা পেয়ে মদ্যপ পুরুষ নার্স যা করলেন…, শোরগোল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে – Bengali News | A nursing student allegedly physically assaulted by a male nurse at Alipurduar district hospital
আলিপুরদুয়ার: ফের শিরোনামে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এবার শ্লীলতাহানির শিকার হলেন এক নার্সিং পড়ুয়া। অভিযুক্ত ওই হাসপাতালেরই এক পুরুষ নার্স। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ঘটনা ঘটেছে ২৫ জানুয়ারি রাতে। ডিউটির সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শ্লীলতাহানি ঘটনায় পড়ুয়া নার্সদের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নার্সিং প্রিন্সিপালের কাছে। জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায়, হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিরত ছিলেন একজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া নার্স। সে সময় এক পুরুষ নার্স মদ্যপ অবস্থায় তাঁর গায়ে হাত দেন বলে অভিযোগ। ঘটনার পর সোমবার সকালে সমস্ত পড়ুয়া নার্স মিলে সংশ্লিষ্ট নার্সিং প্রিন্সিপালের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু অভিযোগ পাওয়ার পরও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে গড়িমসি করে বসে অভিযোগ।
নির্যাতিতা পড়ুয়া নার্সের বাবা-মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তাঁরাও হতভম্ব। ঘটনায় রীতিমত অস্বস্তিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এ ব্যাপারে হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, একজন নার্সিং পড়ুয়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সব পড়ুয়ারা সই করে অভিযোগ জানিয়েছেন। তারপরই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
এই খবরটিও পড়ুন
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার আগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এরকম ঘটনা ঘটে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে হাসপাতাল থেকে কন্ডোম বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছিল এক কর্মীর বিরুদ্ধে। বিনামূল্যে হাসপাতাল থেকে যেগুলি দেওয়ার কথা, সেই কন্ডোম বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।
