বেহালায় সৌরভের মেয়ের গাড়িতে ধাক্কা বাসের, বরাতজোরে রক্ষা সানার, হলেন আতঙ্কিত, বাংলার মুখ
দুর্ঘটনার মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। শুক্রবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তার কাছে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ক্ষতিগ্রস্ত হয় সানার গাড়ির একাংশ। তবে যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ-কন্যা। গাড়ির অন্যদিকে বসেছিলেন। ফলে বাসটি ধাক্কা মারলেও সানার কোনও বিপদ হয়নি। তবে দুর্ঘটনার অভিঘাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তারইমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়িতে পৌঁছে দেয় সানাকে। ইতিমধ্যে আটক করা হয়েছে ঘাতক বাসের চালককে। একটি মহলের দাবি, ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাস রেষারেষি করছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উলটে যেতে পারত। তবে চালকের তৎপরতায় বড়সড় ফাঁড়া কেটে গিয়েছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য আপাতত সৌরভের পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
(বিস্তারিত পরে আসছে)