শোকে পাথর কঙ্গনা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারালেন অভিনেত্রী – Bengali News | Kangana Ranaut remembers her grandmother after she passes away on Friday
তিনি এখন শুধু অভিনেত্রী নন রাজনীতিকও বটে। বিভিন্ন সময় নানা কারণে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। আবারও খবরের শিরোনামে অভিনেত্রী। তবে এবার অবশ্য কারণটা আলাদা। কী হয়েছে? শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। আবেগপ্রবণ হয়ে একটি দীর্ঘ পোস্টও করেছেন। ঠাকুমাকে হারিয়েছেন কঙ্গনা। ঠাকুমা ইন্দ্রাণীর বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবি পোস্ট করে নিজের পরিবারের জন্য প্রার্থনা করতে বলেছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার দিদা একজন অসাধারণ মহিলা ছিলেন, তাঁর পাঁচ সন্তান।
নানাজির সম্পদ ছিল সীমিত, তবুও তিনি নিশ্চিত করতেন যে তাঁর সমস্ত সন্তান ভালো প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা পাবে। তিনি জোর দিয়েছিলেন যে, তাঁর বিবাহিত কন্যাদেরও কাজ করা উচিত এবং তাদের নিজস্ব কেরিয়ার থাকা উচিত, এমনকী তাঁর মেয়েরাও সরকারী চাকরি পেয়েছিল, যা বেশ বিরল ছিল তখনকার দিনে। ছেলে হোক বা মেয়ে, তাঁর প্রত্যেক সন্তান দাঁড়িয়েছিল নিজের পায়ে, যা নিয়ে তিনি গর্বও করতেন।”
ঠাকুমার কাছে তিনি ঋণী একথাই লিখেছেন অভিনেত্রী। অভিনেত্রী লেখেন, “আমার দিদা ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিলেন, যা কোনও পাহাড়ি মহিলার পক্ষে খুব বিরল। আমি তাঁর উচ্চতা এবং তাঁর স্বাস্থ্য এবং বিপাক হার পেয়েছে। আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, ১০০ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও তিনি তাঁর সমস্ত কাজ নিজেই করতেন।” কী হয়েছিল অভিনেত্রীর ঠাকুমার। কয়েক দিন আগে নিজের ঘর পরিষ্কার করছিলেন তিনি। তখন হঠাত্ই ব্রেনস্ট্রোক হয়। তার পর আর শেষ রক্ষা হল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০।