নাটকের আয়োজন করেছিলেন, তাতেই থানায় তুলে নিয়ে গিয়ে থুতু চাটানো হল উদ্যোক্তাকে! – Bengali News | Man Forced to Lick his own spit by Police in Uttar Pradesh for This Reason
লখনউ: দিওয়ালি উপলক্ষে গ্রামে আয়োজন করেছিলেন বিশেষ অনুষ্ঠানের। একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছিল। হঠাৎ হাজির পুলিশ। জানাল অনুষ্ঠানের জন্য পুলিশের থেকে অনুমতিই নেওয়া হয়নি। উদ্যোক্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে গ্রামের প্রধানের প্রতিনিধিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, সেখানে গিয়ে নাকি তাঁকে মেঝে থেকে নিজের থুতুই চাটানো হয়! এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
গত ৩০ অক্টোবর উত্তর প্রদেশের রায়বরেলীর নাসিরাবাদে নাটকের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় পুলিশ সেখানে গিয়ে জানায় যে প্রশাসনের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে উদ্যোক্তারা অশান্তি শুরু করে। এরপরে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রামের প্রধানের প্রতিনিধি সুশীল শর্মাকে তুলে নিয়ে যায় পুলিশ। সুশীলের অভিযোগ, থানায় গিয়ে পুলিশ তাদের মারধর করে। এমনকী, তাঁকে দিয়ে মাটিতে থুতু ফেলিয়ে, সেই থুতু চাটানোও হয়। থানার স্টেশন ইনচার্জ ২ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলেও দাবি ওই ব্যক্তির।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। থানা থেকে পুলিশ গেলে তাদের সঙ্গেও অভব্য আচরণ করে অভিযুক্তরা। আটক পাঁচজনই মদ্যপ ছিলেন বলে পুলিশের অভিযোগ। তবে তাদের থানায় এনে মারধর বা থুতু চাটানোর মতো কোনও কিছুই করা হয়নি।
