অনুষ্ঠান করতে গিয়ে বিপত্তিতে পৌষালী! মারধরের হুমকি শুনে কী করলেন গায়িকা? – Bengali News | Poushali Banerjee faces uncomfortable situation during the her music show
অভিনেতা-অভিনেত্রী হোক কিংবা সঙ্গীতশিল্পী এই শীতের দিকে কিংবা পুজো পার্বনে অনেক গাঁ-গঞ্জে অনুষ্ঠান করতে যেতে হয় শিল্পীদের। বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁদের। অনুষ্ঠান করতে গিয়ে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীনও হতে হয় শিল্পীদের। কখনও তা প্রকাশ্যে আসে। আবার কখনও তা চাপা পড়ে যায় অন্যান্য ঘটনার আড়ালে। এবার এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
যেখানে দেখা যাচ্ছে হাসিমুখেই বিতর্কিত পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন গায়িকা। পৌষালীর ভিডিয়ো দেখে তাঁর ব্যবহার দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। কী ঘটেছে ঠিক? দর্শককে আনন্দ দিতে, পারফর্ম করতেই গিয়েছিলেন তিনি। নিজের কাজটা মন দিয়ে করছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। কিন্তু তার মধ্যে হঠাত্ই এক দর্শক চেঁচিয়ে গায়িকার সাউন্ড ম্যানকে মারধর করার হুমকি দেন। সে কথা কানে যেতেই গান থামিয়ে দেন গায়িকা। না একেবারেই উত্তেজিত হননি গায়িকা। বরং খুব ঠান্ডা মাথায় সামলে নিয়েছিলেন সেই পরিস্থিতি।
ভাইরাল হওয়া ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “না না কেন, ও আমার সাউন্ড ম্যানকে মারবে বলছে।” ভিডিয়োর শুরুতেই এ কথা বলেন গায়িকা। বোঝা যাচ্ছিল যে তিনি খুবই অবাক হয়েছেন এই ধরনের মন্তব্য শুনে। তবুও তাঁর মুখের হাসি ম্লান হয়নি। পাশে এক জন আবার বলে ওঠেন, ” এ আবার কী কথা! অনুষ্ঠান করতে এসেছি তো।” যদিও গোটা পরিস্থিতিই খুব সুন্দর ভাবে সামলে নেন পৌষালী। তিনি বলেন, “আমায় না, আমার টিমকে বলা হয়েছে। এ রকম কোরো না। মারপিট কোরো না।” পরিস্থিতি যাতে জটিল না হয়ে যায় বিষয়টা হালকা করার চেষ্টা করেন পৌষালী। সেই সঙ্গে আবার মজা করে বলেন, “এই যদি মারে?” অনেকে যে এই ধরনে পরিস্থিতিতে বিরক্তও হয়েছিলেন তা ভিডিয়োটি দেখেই বোঝা গিয়েছে।