ছেড়েছেন সাংসদ পদ, এবার মমতার পাশে একই মঞ্চে নুসরত, কী করছেন? – Bengali News | Nusrat jahan attend durga puja carnival with mamata banerjee what she doing on stage
নুসরত জাহান, টলিউডের অভিনেত্রী। বর্তমানে এটাই তাঁর পরিচয়। কারণ সাংসদ পদ এখন আর তাঁর নেই। ২০২৪ নির্বাচনের আগেই পাল্টে গিয়েছিল তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমীকরণ। টিকিট পাননি তিনি। তবে দলের সঙ্গে যে দূরত্ব বাড়ছে না, তা একপ্রকার প্রথমেই স্পষ্ট করে দিয়েছিলেন। প্রাথমিকভাবে বিভিন্ন মিছিলে মিটিং-এ কিংবা দলীয় কর্মে তাঁকে দেখা না গেলেও, পরবর্তীতে আবারও ছন্দে ফিরতে দেখা যায় তাঁকে। তাই কলকাতার দুর্গাপুজোর কার্নিভ্যালও তালিকা থেকে বাদ পড়ল না। প্রতিবছরই ধুমধাম করে রেড রোডে আয়োজন করা হয় কার্নিভ্যালের। বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে গঙ্গে ঘাটের দিকে এগিয়ে যায়। যার জন্য আয়োজন নেহাতই কম থাকে না।

নাচে গানে কিংবা অন্যান্য শিল্পকলায় নজর কাড়ে বিভিন্ন পুজো কমিটি। আর এই মুহূর্তের সাক্ষী থাকতে দেশ বিদেশের অতিথিরা উপস্থিত থাকেন। উপস্থিত থাকেন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরাও। এবারও তার ব্যতিক্রম হল না, মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে জায়গা করে নিলেন এদিন সোহম চক্রবর্তী, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু প্রমুখেরা। আর তাদের সঙ্গেই হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নুসরত জাহানকেও। মমতার সঙ্গে তাল মিলিয়ে নাচলেনও।

এদিন বিভিন্ন পুজো কমিটির সঙ্গে তারকাদেরও অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেল। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এদিনের সন্ধ্যায় নৃত্যের মাধ্যমে নজর কাড়লেন তাঁরাও। তবে অন্যান্য বছরের মতো এবার সেভাবে তারকাদের উপচে পড়া ভিড় চোখে পড়ল না। কারণ একই সময় চলছে ধর্মতলা থেকে দ্রোহ কার্নিভ্যাল। সেখানে তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন আবার বেশ কিছু সেলিব্রিটি। সব মিলিয়ে এদিনের সন্ধ্যা যেন দুই ভাগে বিভক্ত। যদিও সৌমিতৃষার কথায়, ‘উৎসবে আছে মানে প্রতিবাদে নেই, এমনটা নয়’।