Murshidabad: দূর থেকে শুধু দেখা যাচ্ছিল টর্চের আলো, কাছে যেতেই নির্মীয়মান বাড়ির খোঁড়া গর্তে হাড়হিম করা দৃশ্য – Bengali News | Body of youth recovered from under construction house in murshidabad
জলঙ্গি: নির্মীয়মান বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল মুর্শিদাবাদের জলঙ্গি থানার কাটাদাড়া এলাকায়। শনিবার রাত ৯টা নাগাদ প্রথম তাঁর দেহ দেখতে পাওয়া যায়। দেখতে পান বাড়ির মালিক ও স্ত্রী। এলাকার লোকজন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মনিরুল ইসলাম(২১)। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার পাশেই বাড়ি যুবকের। কিন্তু, ওই জায়গায় তার মৃত্যু কীভাবে হল তা নিয়ে উঠছে প্রশ্ন। খুন নাকি নিছক দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে চাপানউচতোর।
সূত্রের খবর, শনিবার রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে টর্চ নিয়ে বেরিয়েছিল মনিরুল। এদিকে কিছু সময়ের মধ্যে সেখানে আসেন বাড়ির মালিক ও তাঁর স্ত্রী। দূর থেকে টর্চের আলো জ্বলতে দেখে এগিয়ে যেতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় বাড়ির মধ্য়ে যে চেম্বার খোলা হয়েছিল তার ভিতর মুখ থুবড়ে পড়ে রয়েছে ওই যুবক। মুহূর্তেই চিৎকার শুরু করে দেন দু’জনে। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা।
এই খবরটিও পড়ুন
খবর যায় পুলিশের কাছে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎকেরা জানিয়ে দেন সব শেষ হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়। এলাকার এক বাসিন্দা বলছেন, “কিছুই বুঝতে পারছি না কী করে এমনটা হল। চেম্বারের ভিতরেই কী করে গেল। সবাই তো ওকে তুলে হাসপাতালে নিয়ে গেল। কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তাররা জানিয়েছে মারা গিয়েছে।”