Saurav-Darshana: সন্তান এলেই ‘নেশা’ছাড়বেন সৌরভ!পরিবার পরিকল্পনা নিয়ে কী বললেন দর্শনা? – Bengali News | Tollywood actress Darshana Banik opens up about her family planning
কয়েক দিন আগে অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয় যে তিনি ধূমপানের অভ্যাস ছাড়বেন কবে? অভিনেতা সটান উত্তর দেন যে ৪০ বছর বয়স পার করলে বা যে দিন তিনি বাবা হবেন সে দিন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শুরু হয় একটাই প্রশ্ন। তাহলে খুব শীঘ্রই কি সুখবর শোনাতে চলেছেন সৌরভ এবং দর্শনা বণিক? ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেন সৌরভ এবং দর্শনা। দেখতে দেখতে বেশ কয়েক মাস সংসারও করে ফেলেছেন তাঁরা। তারকা দম্পতির সংসারের ঝলক মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় সমাজমাধ্যমের পাতায়।
১৫ অগস্ট ছিল দর্শনার জন্মদিন। নায়িকার এই বিশেষ দিনে তাই সবারই প্রশ্ন তাহলে কি খুব শীঘ্রই সুখবর শোনাতে চলেছেনে নায়ক নায়িকা? TV9 বাংলার তরফে যোগাযোগ করা দর্শনার সঙ্গে। জন্মদিনের রেশ এখনও কাটেনি তাঁর। ১৪ অগস্ট অর্থাত্ জন্মদিনের এক দিন আগে তিনি ফিরেছেন কলকাতায়। হায়দরাবাদে শুটিং করছিলেন। বিশেষ দিনটা কী ভাবে সেলিব্রেট করলেন তাঁরা? সেই সঙ্গে আগামী দিনে সন্তান আনার কোনও পরিকল্পনা কি তাঁরা করেছেন? সেই পরিকল্পনাই ভাগ করে নিলেন অভিনেত্রী।
দর্শনা বলেন,”বুধবার অনেক রাতে আমি হায়দরাবাদ থেকে ফিরেছি। খুব বেশি কিছু করিনি। তবে সৌরভ আমায় সারপ্রাইজ দিতে এয়ারপোর্টে গিয়েছিল। বাড়িতেই রাতে কেক কেটেছিলাম। প্রচুর বেলুন দিয়ে সাজিয়েছিল ও। আর আমার পছন্দের পোলাও এবং পাঁঠার মাংস হয়েছিল। সৌরভ নিজের হাতে পায়েস রান্না করেছিল আমার জন্য। অনেকেই জানেন, আমার শাশুড়ি মা হাসপাতালে ভর্তি। বিকালে সেখানেও গিয়েছিলাম। হাসপাতালে গিয়েও কেক কেটেছি আন্টির সঙ্গে।”
শীঘ্রই কি কোনও সুখবর শোনাতে চলেছেন তাঁরা? দর্শনা বলেন,”এখন তো একদমই নয়। আমাদের দু’জনেরই হাতে অনেক কাজ। তাই এ সব নিয়ে তো ভাবছিই না। আর সন্তানের দায়িত্ব নেওয়ার মতো পরিণত হইনি আমরা। তাই এখনই এ সব নিয়ে কিছু ভাবছি না।” দর্শনা তেলুগু ছবির কাজের পাশাপাশি দুটি বাংলা ছবির কাজও করছেন এই মুহূর্তে। এছাড়া তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত’সূর্য’ছবিটিও কুড়িয়েছে বিপুল প্রশংসা।