Mamata Banerjee-RG Kar: রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক CBI, এবার পথে নামবেন খোদ মমতা – Bengali News | Mamata Banerjee called a rally demanding punishment of RG Kar case accused
কলকাতা: আরজি কর-কাণ্ডে শুরু থেকে পুলিশ তদন্ত করলেও, হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-র হাতে। সেই নির্দেশ কার্যত মেনে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজেই সিবিআই-কে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। আর এবার সেই সিবিআই-এর ওপরেই পাল্টা চাপ! এবার পথে নামছেন খোদ মমতা। আজ, বুধবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেছেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী ১৬ অগস্ট বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মমতা নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মমতা দাবি করেছেন, ইতিমধ্যেই ৯০ শতাংশ তদন্ত সেরে ফেলেছে রাজ্য পুলিশ।