সেতু আছে, কিন্তু ওঠার উপায় নেই! ৮ বছর ধরে মই বেয়েই চলছে পারাপার – Bengali News | Government build Bridge but forget Connecting Road in Bihar’s Araria district, Locals use Ladder to cross Bridge
এভাবেই ৮ বছর ধরে চলছে পারাপার।Image Credit source: TV9 ভারতবর্ষ
পটনা: যখন-তখন ভেঙে পড়ছে সেতু। এই ঘটনা এখন চেনা চিত্র বিহারে। সরকারি পরিকল্পনা থেকে নির্মাণ সামগ্রী নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই চিত্র কিছুটা আলাদা। এখানে সেতু রয়েছে, তবে সমস্যা অন্য জায়গায়। সেতুতে ওঠার রাস্তা নেই! মই বেয়ে উঠতে হয় সেতুতে। তারপর পায়ে হেঁটে পারাপার। বিগত ৮ বছর ধরে এই দুর্ভোগই পোহাতে হচ্ছে বিহারের আরারিয়া জেলার মাজগামা গ্রামের বাসিন্দাদের।
জানা গিয়েছে, ২০১৬ সালে বিহারের আরারিয়া জেলার জোখাট ব্লকের মাজগামা গ্রামে পারমান নদীর উপরে সেতু তৈরি করা হয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনেই ৩ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ করে এই সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতু নির্মাণের ৮ বছর কেটে গেলেও, একটি গাড়িও যাতায়াত করতে পারেনি তার উপর দিয়ে। এর কারণ, ব্রিজে ওঠার কোনও রাস্তাই তৈরি হয়নি।
গ্রামবাসীরা জানিয়েছেন, সেতুটি তৈরি হওয়ার সময় আশা করেছিলেন যে এতে তাদের দুর্ভোগ কমবে, যাতায়াত সহজ হবে। কিন্তু সেতুতে ওঠার ব্যবস্থাই করা হয়নি। ফলে সেতু নির্মাণ হলেও, তা কোনও কাজে আসছে না। গ্রামবাসীদের এই সেতু দিয়ে যাতায়াত করার জন্য মই বেয়ে উঠতে হয়।
বাসিন্দারা আরও জানিয়েছেন, সেতুতে ওঠার রাস্তা তৈরির জন্য জমির প্রয়োজন ছিল। সরকার সেই ব্যক্তিগত জমিও কেনে। কিন্তু কর্তৃপক্ষের তরফে এখনও সেতুর কাজ শেষ করা হয়নি।
প্রসঙ্গত, এর আগে বিহারের আরারিয়া জেলাতেই রানিগঞ্জে ধান ক্ষেতের মাঝখানে বিনা উদ্দেশে তৈরি সেতুর ছবি সামনে এসেছিল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)