CM Mamata Banerjee: কলকাতার রাস্তায় ঘন-ঘন সরকারি বাস চাই, নির্দেশ মমতার – Bengali News | Why is the number of government buses decreasing? CM Mamata Banerjee furious with transport department
নবান্নে মমতার বৈঠক (ফাইল ছবি)Image Credit source: Facebook
কলকাতা: অনেক সময়ই অভিযোগ আসে সরকারি বাসের সংখ্যা নাকি কমে গিয়েছে। বহু সময়ে বহু নিত্যযাত্রী বিশেষ করে যাঁরা অফিস যাত্রী তাঁরা দাবি করেন দাঁড়িয়ে থেকে বাস পাচ্ছেন না। আর এবার এই নিয়ে উষ্মাপ্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে সরকারি বাসের সংখ্যা কম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমছে। কিন্তু তেলের জন্য খরচ বাড়ছে কেন? পরিবহন দফতরের রিভিউ মিটিং-এ প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী আজ দু’টি বাসের মাঝের সময় কমানোরও পরামর্শ দেন। প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানো হোক। প্রস্তাব মমতার। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টে মামলা চলায় প্রায় ১ হাজার ১৮০ টি বাস আটকে রয়েছে বলে মমতাকে জানিয়েছে পরিবহণ দফতর।
তবে এই প্রথম নয়, এর আগেও পরিবহণ দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, স্লথ গতিতে কাজ করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। কার্যত ক্ষোভের সুরে পরিবহণ দফতরের কর্তাদের গাড়ি ছেড়ে সাইকেল বা ‘১১ নম্বর গাড়ি’ ব্যবহার করতেও বলেছিলেন তিনি। শুধু তাই নয়, ট্রাম লাইন নিয়েও উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাঁকে।