Gangster: জেল থেকে ছাড়া পেয়ে ব়্যালি গ্যাংস্টারের, ফের ঠিকানা সংশোধনাগার – Bengali News | A gangster holds rally after released from jail in Maharashtra
জেল থেকে ছাড়া পেয়েও ফিরতে হল সংশোধনাগারে
নয়াদিল্লি: জেল থেকে ছা়ড়া পেয়েছেন এক গ্যাংস্টার। সেই আনন্দে ব়্যালির আয়োজন করল তাঁর সঙ্গীরা। এমনকি, সেই ব়্যালির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল। ভিডিয়োর ক্যাপশনে লেখা ‘কামব্যাক’। ভিডিয়োটি পুলিশের নজরে পড়ার পর ফের জেলে যেতে হল ওই গ্যাংস্টারকে। ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের। ওই গ্যাংস্টারের নাম হরশাদ পাটানকার।
নাসিকের গ্যাংস্টার হরশাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা, চুরি, ড্রাগ পাচার-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেইসব মামলাতেই জেলে ছিলেন তিনি। গত ২৩ জুলাই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তাঁর ছাড়া পাওয়ার আনন্দে হরশাদের সঙ্গীরা একটি ব়্যালি করে। বিথেল নগর থেকে আম্বেদকর চক পর্যন্ত সেই ব়্যালি হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ব়্যালির সামনে একটি হুডখোলা গাড়িতে রয়েছেন ওই গ্যাংস্টার। তাঁর পিছনে কমপক্ষে ১৫টি বাইক। তাঁর সঙ্গীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় হরশাদকে।
এই খবরটিও পড়ুন
ওই ব়্যালি করেই ক্ষান্ত হননি নাসিকের গ্যাংস্টারের সঙ্গীরা। ব়্যালির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তৎপর হয় পুলিশ। বিনা অনুমতিতে ব়্যালি করা এবং হট্টগোল করার অভিযোগে হরশাদকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় তাঁর ছয় সঙ্গীকে। যা দেখে কেউ কেউ বলছেন, ‘মুক্তি’-র আনন্দই কাল হল গ্যাংস্টারের।