‘সরি, আপনার পাশে বসে…’, শাশুড়ি মাকে খোলাচিঠি মীরের – Bengali News | Mir afsar ali written an open letter to his mother in law
শাশুড়ি কখনও মা হতে পারেন কিনা, মা জামাই কখনও ছেলে হতে পারেন কিনা– এ দ্বন্দ্ব চিরকালীন। তবে ক্ষেত্রবিশেষে নিয়মেরও হেরফের হয়। যা ভালবাসা পাওয়ার কথা তাঁর চেয়েও জোটে হাজার গুণ বেশি। মীর আফসাল আলি– কৌতুকশিল্পী, অভিনেতা, সঞ্চালক, সাম্প্রতিক সংযোজন তিনি ইউটিউবারও। নিজস্ব চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। ‘ঠেকে’ নিয়ম করে প্রতিদিন গল্প শোনার সবাইকে। সেই গল্প কারও রাত-ঘুমের সঙ্গী হয়, হয় নিঃসঙ্গতার ওষুধও। দুনিয়াকে গল্প বলার ভার নিয়েছেন যিনি, বাড়ির লোকের সঙ্গে কতটা কথা বলার ফুরসৎ জোটে তাঁর? অকপট মীর। শাশুড়ির জন্মদিনে তাঁকে নিয়ে এমন এক খোলাচিঠি লিখলেন সামাজিক মাধ্যমে যা পড়লে মন ছুঁয়ে যায়। অব্যক্ত কথার বিস্ফোরণে মন হয় দ্রব।
সাদামাঠা চেহারা, কপালে লাল টিপ, হাতে একগুচ্ছ গোলাপ– শাশুড়ি মায়ের ছবি শেয়ার করে মীর লেখেন, “সারা দুনিয়াকে গপ্পো শোনায় যে ছেলেটি, আপনি তাকে জামাই না, ছেলে বলে ডাকেন। আপনার মেয়ে পর্যন্ত হিংসে করে আমায়। কিন্তু ওই যেটা বলছিলাম… সবাইকে গপ্পো শোনায় যে, তার কাছে আপনার পাশে বসে গপ্পো করার ফুরসত জোটে না। জোটে আজকের মত কিছু স্পেশাল দিন। সরি মা… এই বছরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। শুভ জন্মদিন।”
মীরের ওই পোস্টে কমেন্টের বন্যা। সবার মুখেই এক কথা, “মীর ছাড়া এমন মিষ্টি মন ভাল করে লেখা আর কেই বা লিখতে পারেন?” জন্মদিনে শাশুড়ির মার উদ্দেশেও এসেছে শুভেচ্ছা, হালকা হেসে নেটিজেনরা বলছেন, “ভাগ্যে জামাই (পড়ুন খোকা) সঙ্গে ছিল, কী দুর্দশাই হতো তা না হলে।”