টাইগারের জন্মদিনে সোনার দোকানে নিয়ে গিয়ে কিনে দিলেন আড়াই লাখের চেইন, ভিডিয়ো দেখে নেটিজেনরা বলল… – Bengali News | Mumbai Woman gifts her pet dog Gold Chain worth 2 lakh 50 Thousands, Netizens Reacts
পোষ্যকে সোনার চেইন উপহার।Image Credit source: Instagram
মুম্বই: টাইগারের জন্মদিন বলে কথা। বড় কিছু করতে হবে তো। তাই প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে নিয়ে পৌঁছে গেলেন নামকরা সোনার দোকানে। সেখান থেকে তাঁর গলার মাপে কিনে দিলেন মোটা সোনার চেইন। খরচ পড়ল মাত্র আড়াই লাখ। তবে গল্পে টুইস্ট আছে। এই টাইগার কিন্তু মানুষ নয়। পোষ্য কুকুর। তার জন্মদিনেই বিশেষ উপহার দিলেন তাঁর মালকিন। যদিও তিনি টাইগারকে পোষ্য নয়, বরং নিজের সন্তানই মনে করেন। আর সন্তানের জন্মদিনে এইটুকু তো করাই যায়।
যারা পশুপ্রেমী, তারা প্রিয় পোষ্যের জন্য যে কোনও সীমায় যেতে পারেন। তারই প্রমাণ আরও একবার মিলল। মুম্বইয়ের বাসিন্দা সরিতা সালদানহা তাঁর প্রিয় পোষ্যের জন্মদিনে তাকে কিনে দিলেন আড়াই লক্ষ টাকার সোনার চেইন। টাইগারও ধন্যবাদ জানাতে ভোলেনি। লেজ নেড়ে জানান দিয়েছে কতটা খুশি সে।
চেম্বুরের ওই জুয়েলার্সের তরফে টাইগার ও তাঁর ‘মা’য়ের ভিডিয়ো পোস্ট করা হলে, তা নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই যেমন প্রশংসা করেছেন, কেউ কেউ আবার ইর্ষার চোখেও দেখেছেন।
ইন্ডি কুকুর টাইগার। যাকে চলতি ভাষায় অনেকে নেড়ি কুকুরও বলেন। দামি, বিদেশি কুুকুর না হলেও, তার জন্য যে ভালবাসায় কোনও খামতি নেই, তা প্রমাণ করে দেখিয়েছেন সরিতা দেবী। জুয়েলারি দোকানের তরফেও টাইগারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ পোস্ট করা হয়েছে। তাতে লেখা, “আমাদের দীর্ঘদিনের গ্রাহক সরিতা তাঁর আদরের কুকুর টাইগারের জন্মদিন বিশেষভাবে পালন করতে চেয়েছিলেন। তাই তিনি আমাদের দোকানে আসেন এবং তাঁর প্য-ফ্রেন্ডের জন্য দারুণ একটি সোনার চেইন বেছে নিয়েছেন। যখন উনি টাইগারকে এই চেইন উপহার দেন, তখন ও আনন্দে লেজ নেড়ে খুশির জানান দিচ্ছিল।”