ঝড়-বৃষ্টির পরোয়া নেই, লোহার রড দিয়ে খুঁচিয়ে যাচ্ছেন ড্রেন, ৩ দিন পরও অবিনাশকে খুঁজে বের করতে মরিয়া বাবা - Bengali News | Massive Search Operation going on in Assam's Guwahati after 8 Year old boy fell into drain, His Father also Searching Relentlessly - 24 Ghanta Bangla News
Home

ঝড়-বৃষ্টির পরোয়া নেই, লোহার রড দিয়ে খুঁচিয়ে যাচ্ছেন ড্রেন, ৩ দিন পরও অবিনাশকে খুঁজে বের করতে মরিয়া বাবা – Bengali News | Massive Search Operation going on in Assam’s Guwahati after 8 Year old boy fell into drain, His Father also Searching Relentlessly

Spread the love

স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। মা-বাবাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। Image Credit source: Twitter

গুয়াহাটি: পরনে টি-শার্ট আর হাফ প্যান্ট। হাতে একটা লোহার রড। একের পর এক নর্দমা খুঁচিয়ে যাচ্ছেন হীরালাল সরকার। ঝড়-বৃষ্টি কোনও কিছুই আটকাতে পারছে না তাঁকে। কী খুঁজছেন ড্রেনে? নিজের একমাত্র ছেলেকে। তিনদিন আগে তাঁর সঙ্গেই বাড়ি ফেরার সময় ড্রেনে পড়ে গিয়েছিল ৮ বছরের ছোট্ট অবিনাশ। তারপর আর খোঁজ মেলেনি। ড্রেনে খোঁজাখুঁজি করে শুধু মিলেছে এক পাটি চটি! কিন্তু হাল ছাড়তে নারাজ হীরালালবাবু। আর তাঁর অদম্য চেষ্টা দেখেই গোটা শহরও নেমে পড়েছে অবিনাশকে খুঁজতে।

বন্যায় বিধ্বস্ত অসম। গত বৃহস্পতিবার ছেলে অবিনাশকে নিয়ে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন হীরালাল সরকার। জমা জলে গর্ত না দেখতে পেয়েই দুর্ঘটনা ঘটে। পাশেই ছিল খোলা ড্রেন। বাবার স্কুটার থেকে ছিটকে ওই ড্রেনের ভিতরে পড়ে যায় অবিনাশ। ছেলেকে ডুবে যেতে দেখে জলে ঝাঁপ দিয়েছিল বাবাও। কিন্তু হাত ফসকে ভেসে বেরিয়ে যায় অবিনাশ।

সেই দিন থেকেই হন্যে হয়ে ছেলের খোঁজ করছেন হীরালালবাবু। হাতে লোহার রড নিয়ে একের পর এক ড্রেনে আবর্জনা খুঁচিয়ে যাচ্ছেন তিনি শুধু এই আশায় যে যদি ছেলের দেখা মেলে। কিন্তু এক পাটি চটি ছাড়া আর কিছুই পাননি। সেই চটি তিনি তুলে দিয়েছেন পুলিশের হাতে।

হীরালাল বলেন, “আমি ছেলেকে খুঁজছি, কিন্তু এখনও পর্যন্ত শুধু এক পাটি চটিই পেয়েছি। রড দিয়ে খুঁজে হয়তো আমার ছেলেকে পাব না। সরকারের কাছে মেশিন আছে। আমার ছেলেকে খুঁজে দিতেই হবে।”

এদিকে, বন্যা পরিস্থিতির মাঝেও দুর্ঘটনার খবর শুনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফে। স্নিফার ডগ থেকে শুরু করে সুপার সাকার, এক্সক্য়াভাটর ব্যবহার করে শহরের নর্দমাগুলির ভিতর থেকে ওই কিশোরকে উদ্ধার করার চেষ্টা চলছে। নিখোঁজ কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি আরও জোরকদমে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *