আইসক্রিমে পাওয়া সেই কাটা আঙুলটা কার? DNA টেস্টে সামনে এল ভয়াবহ রিপোর্ট – Bengali News | Dna test report shows severed finger found in ice cream is factorys employees
আইসক্রিমে পাওয়া কাটা আঙুল কার?Image Credit source: Twitter
মুম্বই: অনলাইনে খাবার অর্ডার দেওয়াও এখন আতঙ্ক হয়ে উঠেছে। কে জানে, কোন খাবারের ভিতরে কী পাওয়া যাবে! খাবারে কেঁচো থেকে সাপ-ইঁদুর উদ্ধারের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু সম্প্রতিই এক ব্যক্তি অনলাইনে আইসক্রিম অর্ডার দিয়ে তার ভিতরে মানুষের কাটা আঙুল পেয়েছিলেন। সেই আঙুল কার, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। অবশেষে জানা গেল ওই আঙুল কার ছিল।
গত ১৮ জুন মুম্বইয়ের মালাদ এলাকায় এক ব্যক্তি অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন। পেশায় তিনি চিকিৎসক। আইসক্রিমে কামড় দেওয়ার পরই তাঁর মুখে কিছু একটা ঠেকে। প্রথমে ভেবেছিলেন, কাজু বাদাম বা অন্য় কিছু। কিন্তু ভাল করে তাকিয়ে দেখেন, ওটা বাদাম নয়, একটা কাটা আঙুল। তাও আবার মানুষের। এরপরই শোরগোল পড়ে যায়। পুলিশে অভিযোগ জানানো হয়। ওই আইসক্রিম কোম্পানির লাইসেন্সও বাতিল করে দেয়।
ওই কাটা আঙুলটি কার, তা নিয়ে তদন্ত শুরু হয়। ডিএনএ পরীক্ষা করা হয় কাটা আঙুলের। অবশেষে জানা গিয়েছে, ওই কাটা আঙুলটি আইসক্রিম কোম্পানির এক কর্মচারীর। পুণের ইন্দপুরের কারখানায় কাজ করেন তিনি।
কীভাবে হদিস মিলল ওই কর্মচারীর?
যেদিন ওই চিকিৎসক আইসক্রিম অর্ডার করেছিলেন, ওই দিন ও তার আগের কয়েকদিনের সমস্ত কারখানার রেকর্ড খতিয়ে দেখে জানা যায়, পুণের কারখানার এক কর্মচারী আইসক্রিম প্যাক করার সময় আহত হন। ব্লেডে তাঁর আঙুল কেটে যায়। সেই আইসক্রিমই পৌঁছয় মুম্বইয়ের মালাদে।
ওই কর্মীর কোনও রোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, তাঁর যদি কোনও সংক্রামক রোগ থাকে, তবে তাঁর হাত দিয়ে প্য়াক হওয়া সমস্ত আইসক্রিমেই রক্ত মিশে সেই সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।