Gautam Gambhir: গৌতম কোচ হলে ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে… বড় দাবি তুললেন কে? – Bengali News | If Gautam Gambhir will be the coach of the team for 3 4 years, then India will surely win a world cup says Sanjay Bhardwaj
Gautam Gambhir: গৌতম কোচ হলে ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে…বড় দাবি তুললেন কে?Image Credit source: PTI
কলকাতা: গুরু গম্ভীর কেমন কোচ হবেন? এ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরই (Gautam Gambhir) যে ভারতের পরবর্তী হেড কোচ হতে চলেছেন, তা একপ্রকার চারিদিকে রটে গিয়েছে। অবশ্য গৌতি এখনই সকলকে জানাতে চান না যে রাহুল দ্রাবিড়ের মসনদে তিনিই বসতে চলেছেন। যে কারণে সম্প্রতি তিনি ভারতের কোচ হতে চলা প্রসঙ্গে প্রশ্ন আসলে উত্তরে বলেন, আমি দূরের কথা এখন থেকেই ভাবতে চাই না। এই প্রশ্নর উত্তর তাই দেওয়া খুব কঠিন। আমি এখন খুব ভালো আছি। সবে তো আইপিএল শেষ হয়েছে। কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এখন একটু সেটাই উপভোগ করতে চাই। যা হবে পরে দেখা যাবে।’ গৌতম যা-ই বলুন না কেন, তাঁর খুব কাছের একজন বলে দিলেন, ‘গৌতম গম্ভীর যদি ভারতের কোচ হয়, তা হলে ভারত নিশ্চিত ভাবে বিশ্বকাপ জিতবে।’ কে বললেন এ কথা?
ভারতীয় টিমকে সাফল্য এনে দিতে পারেন গম্ভীর। এই প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে গৌতম গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজ বলেছেন, ‘যদি ৩-৪ বছরের জন্য গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচ হয়, তা হলে ভারত নিশ্চিতভাবে বিশ্বকাপ জিতবে। আমার ছাত্র যদি ভারতীয় টিমের কোচ হয়, তার থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হবে না।’
সবকিছু ঠিক থাকলে এ বারের টি-২০ বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের জায়গায় টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব গৌতম গম্ভীরের হাতে উঠতে পারে। বর্তমানে ভারতীয় টিম টি-২০ বিশ্বকাপে ব্যস্ত। গৌতম গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজ বলেন, ‘আমরা ভালো পারফর্ম করছি। আগে আমাদের বোলিং বিভাগ ভালো ছিল না। কিন্তু এখন আমাদের বোলিং বিভাগ যেখানে জসপ্রীত বুমরার মতো ক্রিকেটার রয়েছে, তা ভালো হয়ে গিয়েছে। আমার মনে বয় এ বার ১২ বছর পর আমরা বিশ্বকাপ জিততে পারব।’
চলতি টি-২০ বিশ্বকাপে এখনও ভারত সেমিফাইনালের টিকিট পায়নি। কিন্তু গ্রুপ ১ থেকে সেমিফাইনালে ওঠা প্রথম দল হওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। সুপার এইটে রোহিত শর্মার ভারত পরপর ২ ম্যাচে ভালো জায়গায় রয়েছে। অবশ্য সুপার এইটে ভারতকে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। তা হলেই মিলবে সেমির টিকিট।