Bankura: গ্রামে ঢুকে কুটিরশিল্পের মূল উপকরণই ধূলিসাৎ করলেন সরকারি আধিকারিকরা – Bengali News | Bankura: About two and a half thousand liters of fermented wash, the main ingredient of brewing, was wasted
চোলাইয়ের উপকরণ নষ্টImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: ফের হানা দিয়ে চোলাই তৈরির উপকরণ নষ্ট করল আবগারি দফতর। প্রায় আড়াই হাজার লিটার চোলাই তৈরির মূল উপকরণ ফরমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে। পাশাপাশি চোলাই তৈরির সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে আবগারি দফতর।
সম্প্রতি বিশেষ সূত্রে বাঁকুড়ার আবগারি দফতর জানতে পারে, ডুমরজুড়ি গ্রামে কার্যত কুটিরশিল্পে পরিণত হয়েছে বেআইনি চোলাই তৈরি। খবর পেতেই শুক্রবার ডুমুরজুড়ি গ্রামে হানা দেয় আবগারি দফতরের আধিকারিকরা। বিপুল পরিমাণ চোলাই উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় দু’জনকে।
ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদ তথ্য হাতে পায় আবগারি দফতর। সেই তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আবগারি দফতরের বাঁকুড়া, ছাতনা ও বড়জোড়া সার্কেল যৌথ ভাবে হানা দেয় ডুমুরজুড়ি গ্রামে। গ্রামে একের পর এক চোলাইয়ের কারখানায় হানা দিয়ে প্রায় আড়াই হাজার লিটার ফরমেন্টেড ওয়াশ উদ্ধার করে নষ্ট করে দেয় আবগারি দফতর। গ্রেফতার করা হয় চোলাই তৈরির সঙ্গে যুক্ত ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন মহিলা। আজ ধৃতদের বাঁকুড়ার বিশেষ আদালতে পেশ করা হবে।