Bangaon: এবার বনগাঁ! ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি ভবঘুরেকে – Bengali News | Bangaon: One Person Was Beaten by Mass in Bangaon
বনগাঁ: বিগত বেশ কয়েকদিন ধরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা উঠে আসছিল। এবারের ঘটনাস্থল বনগাঁ। সেখানে ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে পেটানোর অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনায় গ্রেফতার দুই।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীর ঘটনা। অভিযোগ, সেখানে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এক ভবঘুরেকে। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার হয় দুজন।
এই বিষয়ে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্ধনা দাস কীর্তনীয়া জানিয়েছেন, “গতকাল রাতে আমি জানতে পেরে পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে।” ওই ভবঘুরেকে মারধর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মারধর করা হয়ে থাকলে ঠিক হয়নি। সাধারণ মানুষকে বলবো গুজবে কান দেবেন না। এই ধরনের কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পুলিশ প্রশাসনকে খবর দিন। আইন হাতে তুলে নেবেন না।”
উল্লেখ্য, এর আগে বারাসত থেকেও একই ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ছায়া এবার অশোকনগরে। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল এক মহিলাকে। তবে অশোকনগর থানার পুলিশের তৎপরতায় প্রাণ বেঁচে যায় মহিলার।