Sheikh Shahjahan: ‘আরে ও তো…’, রেখা পাত্রের হার নিয়ে শাহজাহানের টিপ্পনি – Bengali News | Sandeshkhali Accused Sheikh Shahjahan commented on Rekha Patra loses basirhat
বসিরহাট: বসিরহাটে তৃণমূলের জয় অসম্ভাবীই ছিল, দাবি সন্দেশখালির শেখ শাহজাহানের। শুক্রবার বসিরহাট আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে এমনই বললেন শাহজাহান। শাহজাহানের কথায়, “চক্রান্ত ব্যর্থ। আরে রেখা পাত্র তো হারবে সবাই জানে। ও হারবে এতে অজানা কিছু নেই।” এদিন শেখ শাহজাহান, শেখ আলমগীর-সহ ১৪ জনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২১ জুন।
বসিরহাটে তৃণমূলের জয়ের পর এদিন আদালতচত্বরে অন্য ছবির দেখা মিলল। শাহজাহানকে আদালতে তোলা হয়। তাঁর জামিনের আবেদনের শুনানি ঘিরে উৎসাহী সমর্থকদের বিপুল জমায়েত ছিল কোর্টচত্বরে।
শাহজাহান আদালত চত্বরে পৌঁছতেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামীরা। এদিন ন্যাজাট থানার ৯ নম্বর মামলার প্রেক্ষিতে শাহজাহানের জামিনের আবেদন করা হয়। ভিড় ঠেলে আদালত চত্বরে ঢোকে সিবিআইয়ের গাড়ি। শাহজাহান অনুগামীদের ভিড় দেখে তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনীও।
তবে এদিন কোর্ট লক আপে খোশমেজাজে দেখা যায় শাহজাহান, আলমগীরদের। শাহজাহানকে দেখার জন্য কোর্ট লক আপের বাইরে উঁকিঝুঁকি দিচ্ছিলেন তাঁর অনুগামীরা। ‘ভাইকে একবার দেখতে চাই’, ভাবখানা তেমনই।
কর্তব্যরত পুলিশকর্মীরা বারবার আবেদন করলেও কোর্ট লক আপের বাইরে এদিন ভিড় ছিল। একটা সময় করিডরে জমায়েত দেখে আদালতের এক কর্মী সকলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বাহিনীকে। জামিনের আবেদন আদালত খারিজ করে দিলেও শাহজাহান কিন্তু একেবারে ফুরফুরে মেজাজেই এদিন ধরা দেন।