Jharkhand 2024 Election Results: হেমন্তের সহানুভূতি কাজ করল ঝাড়খণ্ডে? বিজেপি-র প্রত্যাশা কী পূরণ হচ্ছে – Bengali News | Jharkhand 2024 Lok Sabha election result: Primary trend in Jharkhand, Condition of BJP, INC and JMM
লোকসভা ভোটের গণনা চলছে গোটা দেশে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী প্রত্যাশা মতো ফল হচ্ছে না বিজেপির। তুলনায় কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের আসন বাড়ছে। ১৩ মে থেকে ১ জুন অবধি ভোটগ্রহণ চলেছে ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনে। ৪০০ আসনের লক্ষ্যে পৌঁছতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যে সব কটি আসন দখলের জন্য মরিয়া ছিল ভারতীয় জনতা পার্টি। আবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির ঘটনা থেকে সহানুভূতির ভোট নিজেদের আস্তিনে ঢোকানোর চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু দুপক্ষই নিজ লক্ষ্যে পৌঁছতে সফল নয়, তা নির্বাচনী ফলের প্রাথমিক প্রবণতায় স্পষ্ট।
এখনও পর্যন্ত ফল যা প্রকাশিত হয়েছে, তাতে ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে ৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ১১টি আসন জেতে পদ্মশিবির। সেই হিসাবে ২টি আসনে পিছিয়ে পড়েছে তারা। ঝাড়খণ্ডে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ২টি করে আসনে এগিয়ে রয়েছে। আজসু ১টি আসনে এগিয়ে রয়েছে। ২০১৯ সালে ১টি করে আসনে জিতেছিল কংগ্রেস ও জেএমএম। এখনও পর্যন্ত ২০১৯ সালের তুলনায় একটি করে আসনে এগিয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক।
ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, হাজারিবাগ, জামশেদপুর, কোডারমা, রাঁচীর মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসনগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি। সিংভূম, রামমহল আসনের মতো আদিবাসী অধ্যুষিত এলাকায় জেএমএম এগিয়ে রয়েছে। গিরিডি আসনটি আজসু এগিয়ে রয়েছে।