IPL-WPL 2024: পরপর WPL ও IPL দুই ফাইনালে এত্ত মিল! এটাও সম্ভব? – Bengali News | RCB win WPL 2024, KKR clinch IPL 2024: Incredible similarities between two finals
এতটা মিল কী ভাবে হয়! ভাবার মতোই বিষয়। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মান্ধানার নেতৃত্বে প্রথম ট্রফি বেঙ্গালুরু শিবিরে। আইপিএলে অবশ্য ট্রফি অধরাই রয়েছে আরসিবির। অন্য দিকে, রবিবার রাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল হয়েছে। এই নিয়ে চতুর্থ বার ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। চতুর্থ ফাইনালে তৃতীয় ট্রফিও জিতল। উইমেন্স প্রিমিয়ার লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বারের ফাইনালে দুর্দান্ত কিছু মিল খুঁজে পাওয়া গিয়েছে। যা ভাবলে মনে হতেই পারে, সত্যিই কি করে সম্ভব?
উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন মেগ ল্যানিং। তাঁর সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন আরসিবি বোলাররা। দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১১৩ রানেই অলআউট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআর বোলাররা তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন এবং ১১৩ রানেই অলআউট করে সানরাইজার্সকে!
শুধু স্কোর নয়, আরও মিল রয়েছে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক। সানরাইজার্সের প্যাট কামিন্সও অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক। ল্যানিংয়ের উল্টোদিকে ছিলেন এক ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। কামিন্সের উল্টোদিকে ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। দিল্লি ক্যাপিটালস ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদও ১৮.৩ ওভারেই ১১৩ রানে অলআউট!

ডব্লিউপিএল ফাইনালে আরসিবি মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছেছিল এবং ট্রফি জিতেছিল। কলকাতা নাইট রাইডার্সও ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয়। মিল কিন্তু এখানেই শেষ নয়! ডব্লিউপিএল ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন চ্যাম্পিয়ন টিম আরসিবির বোলার সোফি মলিনিউ। অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার। আইপিএল ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক। তিনিও বাঁ হাতি বোলার। তবে পেসার। অস্ট্রেলিয়ার তো! এত মিল সত্যি কী ভাবে সম্ভাব!