Bankura Lok Sabha Constituency: বাসুদেব-গড়ে ফুটেছিল ঘাসফুল, সুভাষ ‘সরোবরে’ এবার কী? – Bengali News | Who will win in Bankura? people will give their mandate on May 25
বাঁকুড়ায় কে জিতবেন? শনিবার, ২৫ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
বাঁকুড়া: একসময় ছিল সিপিএমের গড়। টানা ৯ বার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বাসুদেব আচারিয়া। ২০১৪ সালে এখানে প্রথম ফোটে ঘাসফুল। পাঁচ বছর পর ফুলবদল। উনিশের লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে জেতে বিজেপি। একুশের নির্বাচনে এই লোকসভার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৪টি পায় বিজেপি। ৩টি আসনে জেতে তৃণমূল। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে জোর টক্কর হতে চলেছে। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালডাংরা, বাঁকুড়া। ২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৪৪,৫২৩। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৯.১ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১৭ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৪.৯ শতাংশ। গ্রামীণ ভোটার ৮৮.৪ শতাংশ। শহুরে ভোটার ১১.৬ শতাংশ।
২০১৪ সালে ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তৃতীয় স্থানে ছিল বিজেপি। পাঁচ বছর পর অর্থাৎ উনিশের নির্বাচনে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। আর সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে ১ লক্ষ ৭২ হাজারের বেশি ভোটে হারান বিজেপির সুভাষ সরকার। একুশের নির্বাচনেও ৭টি বিধানসভা আসনে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে।
এই খবরটিও পড়ুন
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে চারটি পায় বিজেপি। তিনটি আসনে জেতে তৃণমূল। রঘুনাথপুর আসনে জেতেন বিজেপির বিবেকানন্দ বাউরি। শালতোড়াতে জয়ী হন পদ্মপ্রার্থী চন্দনা বাউরি। ছাতনায় জেতেন বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায়। রানিবাঁধে ফোটে ঘাসফুল। জয়ী হন জ্যোৎস্না মান্ডি। রাইপুর আসনে জেতেন তৃণমূলের মৃত্যুঞ্জয় মুর্মু। তালডাংরাতে জয়ী হন ঘাসফুল প্রার্থী অরূপ চক্রবর্তী। আর বাঁকুড়া আসনে জেতেন বিজেপির নীলাদ্রিশেখর দানা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৯.৭ শতাংশ ভোট। তৃণমূল ৩৭ শতাংশ ও সিপিএম ৭.৪ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪৩.১ শতাংশ ভোট। তৃণমূল ৪৪.৩ শতাংশ, সিপিএম ৫ শতাংশ ও কংগ্রেস ১ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
বিদায়ী সাংসদ সুভাষ সরকারকেই চব্বিশের নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।