Narendra Modi: ‘শাহজাদা সত্যিটা স্বীকার করে নিয়েছেন…’ কোন সত্যির কথা বললেন মোদী – Bengali News | PM Narendra Modi slams says Shehzada has accepted, slams Rahul Gandhi and Congress during Lok Sabha Election Campaign
মোদীর নিশানায় রাহুল গান্ধীImage Credit source: TV9 Network
নয়া দিল্লি: লোকসভা ভোটের আবহে ফের একবার রাহুল গান্ধীকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর মতে, অতীতে কংগ্রেস জমানায় কীভাবে ‘দলিত-আদিবাসী বিরোধী সিস্টেম’ তৈরি হয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন রাহুল গান্ধী। মোদী বলেন, ‘শাহজাদার মুখে সত্যি কথাটা তো এসেই গিয়েছে! আজ কংগ্রেসের শাহজাদা একটি বড় সত্য়ি কথা স্বীকার করে নিয়েছেন। শাহজাদা মেনে নিয়েছেন, তাঁর ঠাকুমা-বাবা-মায়ের সময় যে সিস্টেম তৈরি হয়েছিল, সেটা দলিত- পিছিয়ে পড়া শ্রেণি ও আদিবাসীদের ঘোর বিরোধী ছিল। কংগ্রেসের এই সিস্টেমটাই তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসিদের কত প্রজন্মকেই না শেষ করে দিয়েছে। আজ শাহজাদা নিজেই একথা মেনে নিয়েছেন।’
উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচার পর্বে আজ রাহুল গান্ধীর বক্তব্যে উঠে এসেছে ‘ভিতরকার সিস্টেমের’ কথা। সরকার কীভাবে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে কথা বলছিলেন রাহুল। সেই সময়েই কংগ্রেস নেতা বলেন, তাঁর বাবা ও ঠাকুমা দু’জনেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং কীভাবে কাজ হয় সেটা তিনি খুব কাছে থেকে দেখেছেন।
রাহুল গান্ধী বলেছিলেন, “যখন আমার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন, যখন আবার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন… আমি প্রধানমন্ত্রীর বাসভবনে যেতাম। তাই আমি জানি, কীভাবে ভিতরে ভিতরে সিস্টেম কাজ করে। আমি একটা জিনিস বলতে পারি, এই সিস্টেম প্রতিটি স্তরে নিম্ন বর্ণের মানুষদের বিরুদ্ধে মারাত্মকভাবে ঝুঁকে রয়েছে।”
রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের কথায় ঘুরিয়ে কংগ্রেসকেই প্যাচে ফেললেন নমো। তিনি বলেন, ‘শাহজাদা মেনে নিয়েছেন, তাঁর ঠাকুমা-বাবা-মায়ের সময় যে সিস্টেম তৈরি হয়েছিল, সেটা দলিত- পিছিয়ে পড়া শ্রেণি ও আদিবাসীদের ঘোর বিরোধী ছিল।’