Foods for Healthy Skin: ত্বকের হাজার একটা সমস্যা লেগেই রয়েছে? রূপটান ছেড়ে খাদ্যতালিকায় নজর দিন – Bengali News | 4 Foods To Limit If You Want Clear Skin and Eat these 5 healthy foods
শুধু রূপটানের উপর নজর দিলেই যে ৩০-এর পরও ত্বক টানটান থাকবে এমন নয়। স্কিন কেয়ারের পাশাপাশি ডায়েটও জরুরি। খাওয়া-দাওয়ার মাধ্যমে আপনি ত্বকের জেল্লা বাড়াতে পারেন। শুধু তাই নয়, ব্রণ, র্যাশ, চুলকানি, বলিরেখার মতো হাজার একটা সমস্যাকে তাড়াতে পারেন, শুধুমাত্র খাবার দিয়ে। স্ফটিক স্বচ্ছ স্কিনের জন্য খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। কোন খাবারে ত্বকের সমস্যা বাড়ে, আর কোনটা খেলে স্কিন ভাল থাকে, জেনে নিন।
ত্বকের কথা ভেবে যেগুলো খাবেন না-
দুগ্ধজাত খাবার: অনেকেরই দুধে অ্যালার্জি থাকে। অন্ত্রে প্রদাহ তৈরি হতে থাকে। এই ধরনের খাবার থেকে দূরে থাকুন।
এই খবরটিও পড়ুন
প্রক্রিয়াজাত খাবার: প্রক্রিয়াজাত খাবারে চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট ও প্রিজারভেটিভ থাকে। এগুলো ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা বাড়িয়ে তোলে।
চিনি: চিনির তৈরি কোনও খাবারই স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। কম বয়সে বার্ধক্য ডেকে আনে চিনি।
ভাজাভুজি: ভাজাভুজি খাবার ফ্রি র্যাডিকেল উৎপন্ন করে এবং ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো জোরাল করে তোলে। এছাড়া অন্ত্রে প্রদাহ বাড়ায়, যা ত্বকের উপর প্রভাব ফেলে।
ত্বকের জেল্লা বাড়াতে যেগুলো রোজ খাবেন-
সাইট্রাস ফল: সাইট্রাস ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই পুষ্টি ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। যে কোনও লেবুজাতীয় ফল খেতে পারেন।
আখরোট: দিন শুরু করে এক মুঠো আখরোট খেয়ে। আখরোটের মধ্যে ভিটামিন ই রয়েছে। এই পুষ্টি ত্বককে পুনরুদ্ধার করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
শাকপাতা: শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে বার্ধক্যের হাত থেকে সুরক্ষিত রাখে।
সবজি: ত্বকের খেয়াল রাখতে গেলে মরশুমি সবজির সঙ্গে বন্ধুত্ব রাখতেই হবে। যে কোনও সবজির মধ্যে ভিটামিন, মিনারেল ও ফাইবার রয়েছে। এগুলো অন্ত্রের খেয়াল রাখে এবং ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে।
গ্রিন টি: ওজন কমাতে গ্রিন টি খান? এতে ত্বকেরও লাভ হয়। গ্রিন টিয়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই রয়েছে। আর ক্যাফেইন একদম নেই। তাই এই চা খেলে ত্বকের স্বাস্থ্য বজায় থাকে।