Wildlife: মুর্শিদাবাদের হোটেলে হানা দিয়ে উদ্ধার লেপার্ডের চামড়া, গ্রেফতার তৃণমূলের নেতা-সহ ২ – Bengali News | 2 persons arrested from Murshidabad for alleged smuggling of Leopard skin
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগে বড় সাফল্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের। এক যৌথ অভিযানে উদ্ধার লেপার্ডের চাপড়া। গোপন সূত্র মারফত অফিসারদের কাছে আগেভাগেই খবর ছিল। সেই মতো প্রস্তুতও ছিলেন তাঁরা। আজ বিকেলে লালবাগের মতিঝিল পেট্রোল পাম্পের কাছে যৌথ অভিযান চালান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের অফিসাররা। সেখানে এক হোটেলে হানা দিয়ে লেপার্ডের চামড়া উদ্ধার করেন অফিসাররা। প্রায় ৮৮ মিটার লম্বা পূর্ণবয়স্ক এক লেপার্ডের চামড়া। হাতেনাতে দু’জনকে পাকড়াও করেন তাঁরা। ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাশারুম মণ্ডল।
হোটেল লেপার্ডের চামড়া-সহ ধরা পড়া ওই দুই জনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বন দফতরের কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত এই দুজনেই এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। গ্রেফতার হওয়া দুই জনেরই বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকার গুধিয়া অঞ্চলে। ধৃত সাবিরুল ইসলাম তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। অপর জন মাশারুল সম্পর্কে সাবিরুলের নিজের ভাই।
গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুই ভাই মিলে কোথা থেকে এই পূর্ণবয়স্ক লেপার্ডের চামড়া নিয়ে এসেছিল, সেই চামড়া কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সব বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পুলিশকর্মীরা। বন দফতরের তরফেও এই ঘটনা পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।