WBP: ‘৩৫ লক্ষ টাকা পর্যন্তও অফার করছে পুলিশ’, এবার পুলিশের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ আইনজীবীর – Bengali News | ‘The police are offering up to 35 lakhs’, this time the lawyer made a terrible complaint against the police in Sandeshkhali
সন্দেশখালিতে এবার পুলিশের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। হাইকোর্টের নির্দেশে নির্যাতনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেখানে কেন পৃথক মামলা রুজু করে ধরপাকড় সন্দেশখালি থানার? কেন আদালতের নির্দেশ মতো সন্দেশখালিতে নেই সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি দাবি করেন, সিসি ক্যামেরা থাকলে পুলিশের ভূমিকা ধরা পড়ে যাবে। সেই কারণেই আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলছেন তিনি।
বিজেপি নেত্রীকে কাছে পেয়ে রাতের অন্ধকারে পুলিশি অভিযানে কীভাবে মহিলাদের অসম্মান হচ্ছে, তার বর্ণনা দিলেন আন্দোলনকারীরা। প্রিয়াঙ্কার অভিযোগ, “নির্যাতিতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করছে পুলিশ। এক নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য ৩৫ লক্ষ টাকা পর্যন্তও পুলিশ অফার করছে। ভাবুন! সব আদালতে জানাব।”
বেড়মজুরের এক মহিলা বললেন, “রাত আড়াইটের সময়ে পুলিশ ঘরে ঢুকছে। বলছে তোমাকে যেতে হবে। বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘরের দরজার একটা তালা ভেঙে ঢুকেছে। পুলিশ কেন আমাদের ওপর গিয়ে অত্যাচার করছে?” আরেক মহিলা বলেন, “আমাদের ৬১ জনের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। যাঁদের ধরার কথা, তাঁদের না ধরে, মহিলাদের তুলে নিচ্ছে।” পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে সন্দেশখালির মহিলাদের নিয়ে থানায় যাচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।