Kunal Ghosh: ‘কী দোষ রয়েছে, বুঝতে পারছি না…’, পদ খুইয়ে কুণালের নিশানায় তৃণমূলের ‘কুইজ় মাস্টার’ – Bengali News | Kunal Ghosh first reaction after TMC officially announces to remove him from position of State General Secretary
কলকাতা: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছে কুণাল ঘোষকে। তৃণমূলের লেটারপ্যাডে দলীয় সিদ্ধান্তে কথা ঘোষণা করেছেন ডেরেক ও’ব্রায়েন। আর এরপরই সাংবাদিক বৈঠক ডেকে নাম না করে ডেরেককে একহাত নিলেন কুণাল। নামের বদলে ‘কুইজ় মাস্টার’ বলে সম্বোধন করে কুণালের দাবি, তিনি নিজেই পদ ছাড়তে চেয়েছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলি নিজেই মুছে দিয়েছেন। বললেন, ‘এরপরও কীভাবে কুইজ় মাস্টার এমন প্রেস বিবৃতি দেন, আমি তো বুঝতে পারব না।’
উল্লেখ্য, বুধবারই উত্তর কলকাতার এক রক্তদান শিবিরে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেই রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও। রক্তদান শিবিরের মঞ্চে দু’জনকে পাশাপাশি বসতেও দেখা গিয়েছে। আর এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে অপসারিত কুণাল।
যদিও কুণাল ঘোষের দাবি, সেটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান ছিল। তিনি বলেন, ‘আমি গিয়ে দেখি সেখানে তাপস রায় আছেন। আমি সৌজন্যের খাতিরেই শুধু বলেছি। আমি বলেছি, তাপস রায় ভাল নেতা, দক্ষ নেতা, ভাল জনপ্রতিনিধি। কিন্তু অন্য দলে চলে গিয়েছেন। এটা রাজনৈতিক লড়াই। তাঁকে আমরা রাখার চেষ্টা করেছিলাম। তিনি শোনেননি। আমি আমার ভাষণেও বলেছি, আমার প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটার মধ্য়ে কী দোষ আছে, আমি তো বুঝে পাচ্ছি না।’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত নেতার প্রশ্ন, ‘রক্তদান শিবিরে গিয়ে কি মারামারি করব?’
কুণাল ঘোষের দাবি, যখন তিনি এই খবর পান, তখন তিনি ফোন অফ করে ঘুমোচ্ছিলেন। ঘুম থেকে ওঠার পর বিষয়টি তিনি জানতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও হোয়াটসঅ্যাপ বা ই-মেল মারফত অফিশিয়াল বার্তা আসেনি বলেই জানালেন কুণাল। বললেন, ‘যাঁরাই এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা মহান ব্যক্তি। মহানুভব। ঈশ্বর তাঁদের মঙ্গল করুক। আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক থেকে যাওয়ারই চেষ্টা করব।’