Bally Bridge: বাইকের উপর উঠে দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের, সাত সকালে হইহই কাণ্ড বালি ব্রিজে – Bengali News | Bally Bridge: Young man jumps into the Ganga standing on a bike in Howrah Bally Bridge
এই বাইকের উপর থেকেই গঙ্গায় ঝাঁপ যুবকেরImage Credit source: Tv9 Bangla
বালি: নিত্যদিনের মতোই হাওড়ার বালি ব্রিজে এসেছিলেন প্রাতঃভ্রমণকারীরা। কেউ নিছই ঘুরছিলেন। কেউ আবার ব্যায়ামে ব্যস্ত ছিলেন। কিন্তু এই সবের মধ্যেই ঘটে গেল বিপত্তি। মোটর বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। একদম সকালে এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রোজের মতো আজও প্রাতঃভ্রমণকারীরা বালি ব্রিজের উপরে এসেছিলেম। সেই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। যেহেতু এই রকম অনেকেই বালি ব্রিজের উপর বসে থাকেন, সময় কাটান সেই কারণে ওই যুবককে দেখে প্রাথমিকভাবে কারোর সন্দেহ হয়নি। কিন্তু সকালের শান্ত চেহারা বদলে গেল এক লহমায়। হঠাৎ তাঁরা দেখতে পান, আচমকাই ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। হইহই করে ছুটে চলে আসেন লোকজন। শুরু হয় চিৎকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে।