‘ওই বিয়েটাই তো হয়নি’, ঐশ্বর্যা-বিতর্কে চাঁচাছোলা অমিতাভ – Bengali News | Amitabh bachchan opens up on aishwarya rai got married to tree, what he said
এই নিয়ে কম কথা শুনতে হয়নি ঐশ্বর্যাকে!
বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় রটনা ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছে। চলছে নানা আলোচনা। এ সবের মধ্যেই ভাইরাল হয়েছে এক পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োটি অমিতাভ বচ্চনের। যে ভিডিয়োতে ঐশ্বর্যার ‘বিয়ে’ সরাসরি অস্বীকার করতে দেখা গিয়েছে তাঁকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিগ-বি সাফ জানিয়েছেন, বিয়ে মোটেও হয়নি তাঁর বৌমার। না, অভিষেকের কথা বলেননি তিনি এখানে। তবে তাঁর নিশানায় কে?
বচ্চন পরিবার বরাবরই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। শোনা যায় হবু বউমার ‘দোষ’ কাটাতে নাকি অভিষেকের আগেও একবার বিয়ে হয় অ্যাশের। তিনি নাকি ছিলেন মাঙ্গলিক। আর তা নাকি একেবারেই পছন্দ ছিল না বচ্চনদের। আর সেই কারণেই নাকি অভিষেককে বিয়ের আগে এক গাছকে বিয়ে করতে বাধ্য হন ঐশ্বর্যা। এতটা কুসংকারচ্ছন্ন বচ্চন পরিবার? এই প্রশ্নে জর্জরিত হতে হয়েছিল তাঁদেরকে। এমনকি বিদেশে গিয়েও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ঐশ্বর্যাকে।
এই বিয়ে নিয়ে বহুদিন বচ্চন পরিবার চুপ ছিলেন। যদিও পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যায় ঐশ্বর্যাকে। এ নিয়ে পরবর্তীতে মুখ খুলেছিলেন অমিতাভও। শুধু মুখ খোলেননি। কার্যত রেগে গিয়েছিলেন তিনি। বচ্চন বলেন, “এই বিয়েই হয়নি। এই সব কুসংস্কারে আমরা বিশ্বাসী নই। যে গাছের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়েছিল, সেই গাছ কোথায়?” এমনকি এও জানান তিনি, বিয়ের সময় ঐশ্বর্যার জন্মকুন্ডলীও নেওয়া হয়নি বচ্চন পরিবারের তরফে। তিনি দাবি করেছিলেন, যা শোনা গিয়েছিল তা রটনা ছাড়া আর কিছুই নয়। ২০০৭ সালে বিয়ে হয়েছিল ঐশ্বর্যা ও অভিষেকের। আজ যখন তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে চারিদিকে এত রটনা তখন সম্প্রতি এই সব রটনাকে কার্যত চুপ করিয়েছেন ঐশ্বর্যা নিজেই। সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী ও মেয়ে আরাধ্যার সঙ্গে শেয়ার করেছেন এক মিষ্টি ছবি।