ভোট শেষ হতেই ভাঙা হল ইভিএম, চলল গুলিও! ১১ বুথে ফের নির্বাচনের ঘোষণা – Bengali News | Repolling Announced by Election Commission of India in Manipur’s 11 Booths as EVM Broken, Firing Reported
ইম্ফল: প্রথম দফার ভোটেই তুমুল অশান্তি। ভাঙা হল ইভিএম, চলল গুলিও। অশান্ত মণিপুরে প্রথম দফার নির্বাচনেও আঁচ পড়ল হিংসার। দুষ্কৃতীরা ইভিএম ভেঙে ফেলায় সেখানে আবার নির্বাচন করাতে হবে। শনিবারই মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ১১টি পোলিং বুথে পুনর্নিবাচন ঘোষণা করলেন। আগামী ২২ এপ্রিল ফের ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মণিপুরের ১১টি বুথের ভোট বাতিল করা হয়েছে। এখানে নতুন করে ভোট গ্রহণ করা হবে। আগামী ২২ এপ্রিল, সোমবার এই ভোট গ্রহণ হবে। যে যে বুথগুলিতে ফের ভোট হবে, সেগুলি হল খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।
জানা গিয়েছে, এই বুথগুলিতে গত শুক্রবার তীব্র অশান্তি হয়। বুথ দখল থেকে শুরু করে ইভিএম লুঠ, ভাঙচুর, এমনকী গুলিও চলে। ৭২ শতাংশ ভোট পড়লেও, যে বুথগুলির ইভিএম লুঠ ও ভেঙে দেওয়া হয়েছে, সেগুলিতে ফের নির্বাচন হবে।
প্রসঙ্গত, শনিবারই কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে ৪৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় রিগিং ও বুথ দখলের অভিযোগ এনে।