সোহিনীর বিয়ে শুনে ভেঙে পড়েছেন রণজয়? মুখ খুললেন প্রাক্তন প্রেমিক – Bengali News | Sobhan ganguly and sohini sarkar getting married, check out ranojoy bishnu reaction
দিন কয়েক ধরে টলিউডে একটাই গুঞ্জন। অভিনেত্রী সোহিনী সরকার নাকি বিয়ে করতে চলেছেন। এও শোনা যাচ্ছে সেই বিয়ের আর বেশিদিন বাকি নেই। শোনা যাচ্ছে আগামী জুলাই মাসেই নাকি বিয়ে করবেন তিনি। চলছে নানা গুঞ্জন। পাত্র শোভন গঙ্গোপাধ্যায়– যার সঙ্গে সোহিনীর প্রেমের গুঞ্জন আর কারও কাছেই অজানা নয়। শোভনের আগে রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভইনে ছিলেন সোহিনী। একসময় তাঁদের বিয়ের খবরও সামনে এসেছিল। আজ সেই সোহিনীই অন্য কারও হতে চলেছেন– রটনার দাবি তেমনটাই। গোটা ঘটনাটিকে কীভাবে দেখছেন প্রাক্তন প্রেমিক? তিনি কি ভেঙে পড়েছেন?
টিভিনাইন বাংলাকে রণজয় বললেন মাত্র দু’টো কথাই। তাঁর বক্তব্য, “খারাপ কোনওদিনই চাইনি। আমি জানি না বিয়ে করছেন কিনা, তবে চাইব, আগামী দিনে ভাল থাক। সুস্থ থাক।” সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর থেকেই সোহিনীর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেননি তিনি। এর আগে টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “আমি একদমই বিশ্বাস করি না, প্রাক্তন বন্ধু হতে পারে। এরকম আমি অন্তত ফেস করিনি। প্রাক্তনের সঙ্গে যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, তাঁকে আবারও বন্ধু হিসেবে দেখা এতটা উদার হয়তো আমি এখনও হয়ে উঠতে পারিনি। আমার কাছে এটা অযৌক্তিক মনে হয়।” আর সেই প্রাক্তনের ছবি যখন ‘পপ-আপ’ করে মুঠোফোনে? উত্তর, “দেখে স্ক্রল করে চলে যাই, এখানে তো কিছু করার নেই। কাউকে যদি জীবনে ভালবাসি, সে আজ না থাকলেও তাঁর বিরুদ্ধে গিয়ে খুনোখুনি মারামারি করব? যে যেখানেই থাকুন, যার সঙ্গে থাকুক, যেন ভাল থাকে।ব্যস, এটাই চাওয়া। ” তাই সোহিনীর ক্ষেত্রেও একই চাওয়া তাঁর।
যদিও বিয়ে করছেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি মুখ খুলতে দেখা যায়নি সোহিনীকে। এমনকি শোভনও এই নিয়ে চুপই আছেন। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, এমনটা চান না তাঁরা।