Hardik Pandya: এত খারাপ ক্যাপ্টেন্সি দেখিনি… পয়েন্ট করে হার্দিকের ভুল ধরিয়ে দিলেন গাভাসকর – Bengali News | Sunil Gavaskar and Irfan Pathan slam MI Captain Hardik Pandya After Loss At Wankhede against CSK In IPL 2024 Match
Hardik Pandya: এত খারাপ ক্যাপ্টেন্সি দেখিনি… পয়েন্ট করে হার্দিকের ভুল ধরিয়ে দিলেন গাভাসকরImage Credit source: PTI
কলকাতা: মায়ানগরী রবি-রাতে সাক্ষী রইল মাহি ম্যাজিকের। সিএসকের ইনিংসের মাত্র ৪টি বল বাকি থাকার সময় মাঠে ঢোকেন মহেন্দ্র সিং ধোনি। ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারির দর্শকরা ধোনি… ধোনি…, মাহি… মাহি… স্লোগান দিতে থাকেন। ধোনি ভক্তদের জন্য সবচেয়ে উপভোগ্য ছিল হার্দিক পান্ডিয়ার ওভারে মাহির ছক্কার হ্যাটট্রিক। যা নিয়ে এখনও আলোচনা চলছে। মুম্বই-সিএসকে ম্যাচের ২৪ ঘণ্টা এখনও পূরণ হয়নি। অনেক ক্রিকেট প্রেমী তাও যেন রয়ে গিয়েছেন রবি-রাতেই। ধোনির ছক্কার হ্যাটট্রিক, রোহিত শর্মার সেঞ্চুরি নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই আলোচনার কেন্দ্রে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। তাঁর বোলিং, ক্যাপ্টেন্সি কোনওটাই মনে ধরেনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরেরও (Sunil Gavaskar)। যে কারণে ধারাভাষ্য দেওয়ার সময় সে কথা জানান সানি।
মহেন্দ্র সিং ধোনি এখনও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সেখানে হার্দিক পান্ডিয়া শেষ ওভারে তাঁর বিরুদ্ধে যেমন বোলিং করেছেন, তা সানি মেনে নিতে পারছেন না। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ইনিংস বিরতিতে সুনীল গাভাসকর বলেন, ‘একটা ছয় ঠিক আছে। পরেরটা আবার লেন্থ বল। যখন তুমি জানো ক্রিজে থাকা ব্যাটার (মহেন্দ্র সিং ধোনি) ওই ধরনেরই একটা ডেলিভারি চাইছিল, তখন ওই বলের মানে নেই। তৃতীয় বলটাও লেগসাইডে ফুলটস। আর ধোনি ওই বলেও ছয় মারে। এক্কেবারে সাধারণ মানের বোলিং এবং এক্কেবারে সাধারণ মানের ক্যাপ্টেন্সিও দেখলাম। আমার মনে হয় ওরা (মুম্বই ইন্ডিয়ান্স) সিএসকে টিমকে ১৮৫ বা ১৯০ রানে আটকে দিতে পারত। ‘
ইনিংস বিরতিতে সানি একইসঙ্গে হার্দিক পান্ডিয়ার ফিল্ডিং সাজানো এবং বোলিংয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা নিয়েও জানান। গাভাসকরের মতে, বুমরাকে শেষ ওভারে বোলিংয়ে না পাঠিয়ে হার্দিক ঠিক করেননি।
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানও ধুয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। সোশ্যাল মিডিয়া সাইট X এ তিনি লেখেন, ‘হার্দিক পান্ডিয়া শেষ ওভারে বোলিং করে বুঝিয়ে দিয়েছে আকাশ মাধওয়ালের বোলিংয়ে ওর ভরসা নেই। এবং একইসঙ্গে ও দেখিয়ে দিয়েছে ডেথ ওভার বোলার হিসেবে ওর ক্ষমতা ঠিক কতটা কম।’