Paris Olympic 2024: সরে যাওয়া ছাড়া উপায় ছিল না… প্যারিস অলিম্পিকে নেই ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন – Bengali News | MC Mary Kom steps down as chef de mission of India’s Paris Olympics contingent citing personal reasons
কলকাতা: যে কোনও বড় গেমসে তিনি বারবার সাফল্যের মুখ হয়ে থেকেছেন ভারতীয় অ্যাথলিটদের। আরও ভালো করে বললে, এ দেশে মহিলা অ্যাথলিটদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন তিনিই। ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। এতেই শেষ নয়, তাঁর লড়াই আজও অনুপ্রেরণা দেয় সবাইকে। আগামী দিনেও দেবে। সেই মেরি কম কিনা সরে দাঁড়ালেন প্যারিস অলিম্পিক থেকে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই মেরির এ বার প্যারিস অলিম্পিকের ভারতীয় টিমের শেফ দ্য মিশন হওয়ার কথা ছিল। যা বিরাট সম্মান। কিন্তু সেই সম্মান ফিরিয়ে দিলেন পাহাড়ি বক্সার। বলে দিলেন, ‘সরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল…!’ মেরির এই কথার মধ্য়ে দিয়ে উঠ আসছে নতুন বিতর্ক। কী কারণে সরলেন মেরি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষাকে পাঠানো চিঠিতে মেরি লিখেছেন, ‘দেশের হয়ে যে কোনও ভূমিকাতে থাকা বারবর সম্মান হিসেবেই নিয়েছি। এ ক্ষেত্রেও আমি তৈরি ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্মানীয় এই দায়িত্ব আমি পালন করতে পারছি না। এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। ব্যক্তিগত কারণে এই দায়িত্ব পালন করতে পারব না। দায়বদ্ধতা থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না। দেশ এবং দেশের অ্যাথলিটরা প্যারিস অলিম্পিকে নামলে আমি সব সময় তাদের পাশে থাকব।’
২১ মার্চ ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে শেফ দ্য মিশন হিসেবে ঘোষণা করা হয়েছিল মেরির নাম। নামী অ্যাথলিট হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছিল। তবে মেরি কোনও বিতর্কের কারণে নাকি ব্যক্তিগত কোনও বিপর্যয়ের কারণে সরে দাঁড়িয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা থাকছে। পরিবর্তিত পরিস্থিতিতে উষা বলেছেন, ‘অলিম্পিকে পদক পাওয়া বক্সার, আইওএ অ্যাথলিট কমিশনের চেয়ারপার্সন মেরি কম ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছে। ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। ওর সঙ্গে কথাও হয়েছে আমার। মেরির বদলে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা খুব শিগগিরই আমরা ঘোষণা করব।’