Novak Djokovic, Rohan Bopanna: ওল্ড ইজ় গোল্ড; বয়সকে তুড়ি মেরে একনম্বরের দখলে নিলেন দুই বুড়ো! – Bengali News | Old but gold! Djokovic & Bopanna reflect on being oldest World No. 1s
কলকাতা: বয়স স্রেফ সংখ্যা। যদি তাগিদ, স্বপ্ন আর পরিশ্রম থাকে, যে কোনও ‘বুড়ো’ হারিয়ে দিতে পারেন তরুণকে। তাই কার্যত দেখতে পাওয়া যাচ্ছে। দুই বুড়োর সামনে নতজানু হয়ে বসছেন তাবড় তাবড় তরুণ প্লেয়াররা। একজনের বয়স মাত্র ৩৬। অন্য জন আর খানিকটা বড়, মাত্র ৪৪। তাতে কী, এই দুই তারকা যেন সময়ের সঙ্গে সঙ্গে পুরনো ওয়াইনের মতো হয়ে ঝাঁঝালো উঠছেন। অনেকটা লিয়েন্ডার পেজ যা করেছেন, তেমন। অনেকটা মহেন্দ্র সিং ধোনি যা করে চলেছেন, তেমন। কারা এই দু’জন। একজন সার্বিয়ান টেনিস প্লেয়ার, বিশ্ব যাঁকে নোভাক জকোভিচ নামে চেনে। আর দ্বিতীয় জন, আপাদমস্তক ভারতীয়, রোহান বোপান্না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য প্রকাশ হয়েছে এটিপি ব়্যাঙ্কিং। তাতে দেখা যাচ্ছে, সিঙ্গলস তালিকার মগডালে রয়েছেন জোকার। আর ডাবলস ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বোপান্না। টেনিস দুনিয়ায় এর আগে এমনটা হয়নি। দুই বুড়ো যে দুই টেনিস বিভাগ দখলে নিয়ে ফেলবেন, কেউই আন্দাজ করেনি। দু’জনের বয়স যোগ করলে ৮০! সাফল্য আর খেতাবের অঙ্ক তার থেকে অনেক বেশি।
জোকার গত কয়েক বছর ধরেই স্বপ্নের দৌড় দৌড়চ্ছেন। রজার ফেডেরার, রাফায়েল নাদালদের টপকে গিয়েছেন গ্র্যান্ড স্লাম জয়ের খাতায়। কোথায় গিয়ে থামবেন, বলা যাচ্ছে না। তাঁকে টেনিসের সর্বকালের সেরা প্লেয়ার বলা উচিত কিনা, তা নিয়েও তর্ক শুরু হয়ে গিয়েছে। আর বোপান্না অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর আবার জিতেছেন মায়ামি ওপেন। এত ধারালো, এত ধারাবাহিক, এত আগ্রাসন কোথা থেকে পাচ্ছেন এই দুই বুড়ো?
জকোভিচ বলেছেন, ‘সার্বিয়ান আর ভারতীয় টেনিসের পক্ষে এটা দারুণ খবর। আমরা ভারতীয় টেনিসের জন্য কিছু একটা খুব তাড়াতাড়ি করব। আমরা নিশ্চিত ভাবেই ওখানে খেলব। আমরা ওল্ড কিন্তু গোল্ড। আমাদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটা হয়তো ঠিক ভারসাম্য বলা যাবে না। তবে এটা থেকে প্রমাণ হয় যে, আমরা এখনও একই রকম স্ট্রং আছি।’