Balurghat: নিখোঁজ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর – Bengali News | Former Councilor of Trinamool is missing
নিখোঁজ তৃণমূল কাউন্সিলর
Image Credit source: Tv9 Bangla
বালুরঘাট: ভোটের আগে বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর রহস্য জনক ভাবে নিখোঁজ। সোমবার সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সকাল গড়িয়ে দুপুর হলে পরেও এখনও খোঁজ নেই বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্রের। বন্ধ মোবাইল ফোন।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণে তাকে অপহরণ করা হলেও হতে পারে। এদিকে বিষয়টি জানাজানি হতেই সোমবার দুপুরে পরিবারের তরফে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বালুরঘাট থানায় এসেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ পেতেই পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। নিখোঁজ প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি শহরের সিসিটিভি গুলিও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, দেবজিৎ রুদ্র আগের পুর বোর্ডে কাউন্সিলর ছিল। সামলেছেন পূর্ত দফতর। বিগত কিছুদিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ। সেই কারণে সকাল বেলা করে প্রাতঃভ্রমণে বের হন। আজও সকালে বেরিয়েছেন। পরে মেয়েকে টিউশনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি দেবজিৎ রুদ্র। প্রাক্তন কাউন্সিলর শাসক দলের সঙ্গে থাকলেও সক্রিয় ভাবে রাজনীতিতে নেই। ভোটের ঠিক মুখে প্রাক্তন কাউন্সিলরের রহস্য জনক ভাবে নিখোঁজ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।