Rahul Gandhi Asset: ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি! স্টক মার্কেট-মিউচুয়াল ফান্ডে কোটি কোটি বিনিয়োগ, ওয়েনাডের প্রার্থীর সম্পত্তি কত? – Bengali News | Congress MP Rahul Gandhi Invested Crores in Stock Market, Mutual Fund. His Assets is Over 20 Crore rs, Stated in ECI Affidavit
মনোনয়ন জমা দেওয়ার আগে রাহুল গান্ধী।Image Credit source: PTI
নয়া দিল্লি: ২০১৯ সালে যা সম্পত্তি ছিল, মাত্র ৫ বছরেই সেই সম্পত্তির পরিমাণ বেড়ে গেল ৫ কোটি! সত্য়িই কোটিপতি রাহুল গান্ধী। বুধবার কেরলের ওয়েনাড আসনের কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী। আর তারপরই সামনে এল, রাহুলের এখন সম্পত্তি কত!
জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে, ৫৩ বছর বয়সী নেতার হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা। এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও বিনিয়োগ করেন রাহুল। স্টক মার্কেটে ৪.৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন ওয়েনাডের বিদায়ী সাংসদ।
মিউচুয়াল ফান্ডেও তাঁর বিনিয়োগ রয়েছে, মোট ৩.৮১ কোটি টাকা বিনিয়োগ করেছেন রাহুল গান্ধী। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম ও ইন্সুরেন্স পলিসি রয়েছে, তাতে ৬১.৫২ লক্ষ টাকা রেখেছেন তিনি। গোল্ড বন্ডও রয়েছে রাহুলের। ১৫.২ লক্ষ টাকা গোল্ড বন্ড রয়েছে রাহুল গান্ধীর নামে। তাঁর কাছে ৪.২ লক্ষ টাকার গহনা রয়েছে। ঋণের বোঝাও রয়েছে কংগ্রেস সাংসদের ঘাড়ে। ৪৯.৭ লক্ষ টাকার ঋণ রয়েছে রাহুলের।
মনোনয়ন জমা দিলেন রাহুল।
রাহুলের হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাহুল গান্ধীর উপার্জন ছিল ১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৬৮০ টাকা। সনিয়া পুত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি টাকা, অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি টাকার। সব মিলিয়ে রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি।
২০১৯ সালে যখন লোকসভা নির্বাচনে লড়েছিলন রাহুল, সেই সময়ে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫ কোটি টাকা। অর্থাৎ ৫ বছরেই ৫ কোটি টাকা সম্পত্তি বেড়েছে।
আগামী ২৬ এপ্রিল কেরলে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ২০১৯ সালে ৪ লক্ষেরও বেশি মার্জিনে জিতেছিলেন রাহুল। বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন ও সিপিআই নেতা অ্যানি রাজাকে হারিয়েছিলেন তিনি।