Virat Kohli: আইপিএলে বিরাট কোহলি যাঁদের প্রথম শিকার, রয়েছেন কিংবদন্তি পেসারও! – Bengali News | M Siddharth joins the elite club of 10 bowlers who have got Virat as their first IPL wicket
বিরাট কোহলি। কোনও বোলার যদি তাঁকে আউট করে উইকেটের খাতা খোলে? এর চেয়ে গর্বের বিষয় আর কী হতে পারে! বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটারকে আউট করার চেষ্টা সকলেই করেন। সকলেই সাফল্য পাবেন তা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই রয়েছেন যাঁদের প্রথম শিকার বিরাট কোহলি। এর মধ্যে একটা অতি পরিচিত নাম কাগিসো রাবাডা। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট হিসেবে বিরাটকে ফিরিয়েছিলেন কাগিসো। তাঁর কাছে নিঃসন্দেহ সেরা মুহূর্ত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমনই এক এলিট ক্লাবে জায়গা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের বাঁ হাতি স্পিনার মণিমরন সিদ্ধার্থের। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলিকে ফিরিয়ে একদিকে যেমন প্রতিপক্ষ শিবিরে বিশাল ধাক্কা দিয়েছেন, তেমনই নিজের কেরিয়ারের বিশেষ মুহূর্ত তৈরি করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সিদ্ধার্থ এমন ১০ জন বোলারের তালিকায় জায়গা করে নিলেন, যাঁদের প্রথম শিকার বিরাট কোহলি।
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। জন্মলগ্ন থেকেই খেলছেন বিরাট কোহলি। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলেও লেজেন্ড হয়ে উঠেছেন বিরাট। শুরু থেকে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতেই খেলছেন। বিরাট কোহলিকে দিয়ে যাঁরা উইকেটের খাতা খুলেছেন এর মধ্যে দেশ-বিদেশের বোলাররা রয়েছেন। এর মধ্যে দুটো নাম অতি পরিচিত। তাঁরা হলেন গুজরাট টাইটান্সের বর্তমান কোচ আশিস নেহরা এবং মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরা।
এ ছাড়া বিরাটের উইকেটে আইপিএলে খাতা খুলেছেন অশোক দিন্দা, অ্যালবি মর্কেল, চেতন্য নন্দ, ডাগ ব্রেসওয়েল, মিচেল ম্যাকক্লেনাঘান, ডিওয়াল্ড ব্রেভিস, হরপ্রীত ব্রার এবং সিদ্ধার্থ।