Rohit Sharma: ধোনি যদি পারে, রোহিত নয় কেন… ক্যাপ্টেন্সি বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্সকে কাঠগড়ায় দাঁড় করালেন অজি কিংবদন্তি – Bengali News | Matthew Hayden blasts management over Hardik Pandya and Rohit Sharma captaincy issue
Rohit Sharma: ধোনি যদি পারে, রোহিত নয় কেন… ক্যাপ্টেন্সি বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্সকে কাঠগড়ায় দাঁড় করালেন অজি কিংবদন্তি
কলকাতা: ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল চেন্নাই সুপার কিংসে। মরসুম শুরুর আগেই নিজেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। ২০২২ সালের আইপিএলে সিএসকে শুরুতেই টালমাটাল ছিল। ম্যাচের পর ম্যাচ জয় মিলছিল না। সেখান থেকে আবার দায়িত্ব সামলান ধোনি। জাডেজাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ধোনি যদি করে দেখাতে পারেন, রোহিত শর্মার (Rohit Sharma) ক্ষেত্রে তেমনটা হবে না কেন? মুম্বই ইন্ডিয়ান্সও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। রোহিতকে আচমকাই ছাঁটাই করে হার্দিককে দেওয়া হয় টিমের দায়িত্ব। সেই সিদ্ধান্ত যে একেবারেই ঠিক ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে। পর পর তিনটে ম্যাচ হেরে মুম্বই প্রবল চাপে। টিমের ভক্তরা রোহিতকেই আবার ক্যাপ্টেন দেখতে চাইছেন। টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে?
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার কিন্তু ধোনির উদাহরণই তুলে ধরছেন। ম্যাথেউ হেডেন স্পষ্ট বলে দিচ্ছেন, আইপিএলের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। সিএসকে করেছে। মুম্বই পারবে না কেন? হেডেনের কথায়, ‘আইপিএলের যে কোনও টিমের ক্ষেত্রে কিন্তু সমর্থকরাই আসল। সাপোর্টারদের জন্যই টিমগুলো জনপ্রিয়তা পায়। ওরা কিন্তু রাজনীতি বোঝে না। ভিতরে কী চলছে, জানে না। জানতেও চায় না। কিন্তু ওরা রোহিতকে ভালোবাসে বলে এখন সবটা জানতে, বুঝতে চাইছে।’
ধোনির উদাহরণ তুলে ধরে হেডেন বলছেন, ‘যে কোনও টিমেরই একটা পরিকল্পনা থাকা উচিত। চেন্নাইয়ের ক্ষেত্রেও সেটা দেখেছিলাম। জাডেজাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। কিন্তু সেটা কাজে লাগেনি। সেই কারণেই আমার মনে হয়, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার একটা জায়গা রাখা উচিত। হার্দিক ক্যাপ্টেন হিসেবে কতটা কার্যকর, সেটা দেখে নিক ওরা।’ একই সঙ্গে হেডেনের যুক্তি, ‘মরসুমের শুরুতেই মুম্বইয়ের মতো টিমের এমন হাল কিন্তু মেনে নেওয়া যায় না।’