Bengal BJP: পাহাড়ে বিজেপি বনাম বিজেপি? রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী পদ্মেরই বিধায়ক – Bengali News | BJP MLA Bishnu Prasad Sharma to contest from Darjeeling Lok Sabha Constituency against BJP Candidate Raju Bista
রাজু বিস্তার বিরুদ্ধে ভোট ময়দানে বিষ্ণুপ্রসাদImage Credit source: Pixabay and Twitter
দার্জিলিং: দার্জিলিঙে কি এবার নতুন খেলা? পাহাড়ের বিজেপির পদ্ম প্রতীকের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে নামলেন বিজেপিরই বিধায়ক। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হলেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পাহাড়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। রাজু বিস্তাকে যে প্রার্থী হিসেবে তাঁর নাপসন্দ, সেকথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। অনেক দিন ধরেই তিনি দাবি করে যাচ্ছিলেন দার্জিলিঙের প্রার্থী হিসেবে ‘ভূমিপুত্র’ কাউকে বেছে নেওয়া হোক। অন্যথায়, নিজের দলের বিরুদ্ধেই নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। এবার শেষ পর্যন্ত সেই কাজটাই করে ফেললেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। শনিবার দুপুরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
তাহলে কি এবার লোকসভা নির্বাচনের ময়দানে পাহাড়ের ভোট-যুদ্ধে বিজেপি বনাম বিজেপি? যদিও বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য, তিনি কখনোই দলের বিরুদ্ধে নন। তিনি এখনও বিজেপিতেই আছেন। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বলেন, ‘দলের বেছে নেওয়া লোকসভা প্রার্থীর বিরুদ্ধে আমি ভোটে লড়ছি। কিন্তু দলের বিরুদ্ধে আমার লড়াই নয়।’
দার্জিলিঙে পদ্ম প্রতীকের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধেও নাম না করে আক্রমণ শানিয়েছেন বিষ্ণুপ্রসাদ। লোকসভা ভোটের বিজেপি প্রার্থীকে ‘বহিরাগত’ বলে খোঁচা দিয়েছেন তিনি। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বলেন, ‘দল বহিরাগত প্রার্থী দিয়েছে। আমি ওঁর বিরুদ্ধে। আমি তো দলকে দেড় মাস আগে থেকেই বলে দিয়েছিলাম, এবার যেন বহিরাগত প্রার্থীর বদলে ভূমিপুত্র কাউকে প্রার্থী করা হয়।’
পৃথক রাজ্যের দাবি নিয়েই এবার লোকসভা ভোটে দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি, সেকথাও রাখঢাক না রেখেই বলে দিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।