ISIS Terrorist Arrest: বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই গ্রেফতার ISIS প্রধান ও সহযোগী, উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দেশের বড় বড় জায়গা – Bengali News | Planned for Major Terror Attack, ISIS India Head & Associate Arrested from Assam’s Dhubri by STF, Will be Handed over to NIA
ধৃত দুই আইসিস জঙ্গি।Image Credit source: Twitter
গুয়াহাটি: পরিকল্পনা ছিল ভারতে বড়সড় হামলা চালানোর। সেই লক্ষ্যেই কাঁটাতারের ওপার থেকে ভারতে ঢুকেছিল দুইজন। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় বানচাল হল সেই ছক। পুলিশের হাতে ধরা পড়ল দুই আইসিস জঙ্গি। ধৃতদের মধ্যে একজন ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান, অপরজন তাঁর সঙ্গী। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অসমের ধুবরি জেলা থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে। ধৃতদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে।
অসম পুলিশের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েই এই বিরাট অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ধুবরি জেলার ধর্মশালা এলাকা থেকে দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হরিশ ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকি এবং অনুরাগ সিং। ভারতে আইসিস সংগঠনের প্রধান ফারুকি। অপর জঙ্গির নাম অনুরাগ সিং ওরফে রেহান। জানা গিয়েছে, পানিপথের বাসিন্দা অনুরাগ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তাঁর স্ত্রী বাংলাদেশের নাগরিক।
আইসিস জঙ্গি গ্রেফতারি সম্পর্কে তথ্য জানাতে গিয়ে অসম পুলিশের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি গোস্বামী বলেন, “ধৃত জঙ্গিরা ভারতে নতুন জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদে আর্থিক মদত জোগাড় করতেই এসেছিল। দেশের একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল তাদের। অভিযুক্তদের নামে দিল্লির এনআইএ, লখনউ এটিএসের একাধিক মামলাও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় অসম এসটিএফ। জঙ্গিরা যখন ভারতে অনুপ্রবেশ করছিল, সেই সময়ই তাদের হাতেনাতে ধরা হয়। ধৃত জঙ্গিদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে।”
জানা গিয়েছে, ফারুকি ও অনুরাগ-উভয়ই আইসিসের থেকে উচ্চ প্রশিক্ষিত। ভারতে আইসিস জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত সংগ্রহ ও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।