লিলির মধ্যে নিজের ‘মা’কে খুঁজে পেলেন কৌশিক; এ যেন সুস্থ হতেই পরম পাওয়া অভিনেত্রীর – Bengali News | Veteran actress lily chakraborty said film maker kaushaik ganguly calls her mother actress also reveals her health updates
বাঙালি পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ‘অযোগ্য’ ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। এটি আবার অভিনেতা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০তম ছবি। সেই ছবিতে এক সিনিয়রের চরিত্রেই দেখা যাবে লিলিকে। ফেব্রুয়ারি মাসের শেষ ডাবিং হওয়ার কথা ছিল ছবির। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন লিলি। তাই ডাবিংয়ের কাজ আটকে যায়। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল লিলিকে। অনেকদিন থেকেই সিওপিডি (শ্বাসকষ্টজনিত সমস্যা, ফুসফুসের দুর্বলতা) সংক্রান্ত কারণে ভুগছেন লিলি। সেই সঙ্গে হাই ব্লাড সুগার। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ১২ দিন কাটিয়ে বাড়ি ফেরেন ৪ মার্চ। তারপর দীর্ঘ বিশ্রাম। শুটিং-ডাবিং–সব কাজ থামিয়ে দিয়েছিলেন। ২০ মার্চ (বুধবার) প্রথম বাড়ি থেকে বের হয়েছিলেন। কৌশিকের ‘আযোগ্য’ ছবির ডাবিংটা বাকি রয়েছে যে। কৌশিককে কথা দিয়েছিলেন লিলি।
‘ডাবিং’ চলাকালীন ব্যস্ততার কারণে লিলি ফোন তুলতে পারেননি TV9 বাংলার। সন্ধ্যার দিকে ডাবিং সেরে বাড়ি ফেরার পথে নিজেই ফোন করেন TV9 বাংলার প্রতিনিধিকে। লিলির কাছে জিজ্ঞাস্য ছিল একটাই–বাড়ি থেকে বেরিয়ে ডাবিং করে লিলির শরীরের উপর ধকল গেছে কি না। শরীর তো বটেই, কর্মঠ এবং খোলা মনের মানুষটার মনের হদিশ মিলল। লিলির অমায়িক কণ্ঠ, “আহা, আপনি ফোন করেছিলেন। আমি তাই রিং ব্যাক করলাম। জানেন, আজ অনেকদিন পর বাড়ি থেকে প্রথম বের হলাম। কিন্তু মেঘলা আবহাওয়াটায় শরীর শিরশির করছে। কৌশিককে কথা দিয়েছিলাম আমি সুস্থ হলেই ওর ডাবিংটা করব। তাই চলে গেলাম।”
কথার এদিক-ওদিক নয়। বাংলা ছবির স্বর্ণালী যুগের নায়িকা তিনি। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়, সাবিত্রী চট্টোপাধ্য়ায়, লিলি চক্রবর্তীদের কথার খেলাফ হয় না। শুটিংয়ে দেরিতে আসা, ঘণ্টার পর ঘণ্টা সকলকে বসিয়ে রাখার ঔদ্ধত্য আজও নেই তাঁদের মতো শিল্পীদের। অন্য মেরুর মানুষ তাঁরা। তাঁরা এখনও সময়ের মূল্য দিতে জানেন, কথা রাখতে পারেন। লিলি যে সিরিয়ালে অভিনয় করেন, সেই ‘নিম ফুলের মধু’তে তাঁকে এতদিন না পেয়ে সক্কলে সমস্বরে বলেছেন, “মা (লিলির চরিত্রটি ঠাকুমার) নেই, তাই আমাদের উঠোনটা ফাঁকা। তাঁকে দেখলে নতুন করে কাজ করার বল পাই মনে। তাঁর শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছি।” ১৯ মার্চ TV9 বাংলাকে তাঁর অসুস্থতার কথা জানিয়ে লিলি বলেছিলেন, “আমি ‘নিম ফুলের মধু’তে তাড়াতাড়ি ফিরব।”
এই খবরটিও পড়ুন
তবে কৌশিকের ডাবিংয়ে গিয়ে মনের আনন্দ যেমন পেয়েছেন লিলি, কিছুটা কাহিল হয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। গলাটা এখনও ভাঙাই আছে তাঁর। ডাবিংয়ে অসুবিধা হল না, প্রশ্ন করায় লিলির স্বতঃস্ফূর্ত উত্তর, “অযোগ্য’ ছবিতে আমার যে কণ্ঠ থাকার কথা, সেটাই নাকি ছিল। কৌশিক বলেছে, ‘মা’ তোমার এই গলাটাই চাইছিলাম।”
কী বললেন, ‘মা’! পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায় লিলিকে মা সম্বোধন করেন। কণ্ঠে তৃপ্তি মিশিয়ে লিলি বলেন, “কৌশিক আমাকে মা বলেই ডাকে। ও আমাকে বলেছে, ‘তোমাকে দেখলে আমার মায়ের মুখটা মনে পড়ে। তুমি আমার মায়ের মতোই ভাল।’” লিলি জানিয়েছেন, এদিন ডাবিংয়ে তাঁর কোনও অসুবিধা হতে দেননি কৌশিক। ডাবিংয়ের মাঝে বিশেষ করে তাঁর জন্যই বিরতির ব্যবস্থা রেখেছিলেন কৌশিক। লিলি বললেন, “আমি বেলা ১১টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। খাবার সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমাকে তো নির্দিষ্ট খাবার দিয়েছেন ডাক্তার, তার বাইরে আমি কিছুই খেতে পারব না। তাই ওসব প্যাক করে চলে যাই। ওখানে কৌশিক আমার জন্য বিশ্রামের ব্যবস্থা রেখেছিল। ডাবিংয়ের ফাঁকে ক্লান্ত হলেই শুয়ে পড়ি। অনেকদিন পর বাইরে গিয়েছি বলে একটু ধকল গিয়েছে আসলে। কিন্তু আমার এই ছেলেটা এক্কেবারে পাগল হয়ে গিয়েছিল। এত সন্তানদের যত্নে আমি আসলে ভালই আছি…”